২৬/১১ মুম্বই-হামলার অন্যতম অভিযুক্ত, ফাঁসির আসামি আজমল কাসভ জেলে বন্দি থাকাকালীন মাটন বিরিয়ানি খেতে চেয়েছে, এমন একটি খবর ‘ফাঁস’ করে সে সময় হইচই ফেলে দিয়েছিলেন সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম। তার দীর্ঘ দিন পরে, গত বছর নিকম স্বীকার করলেন, কথাটা একেবারেই ভিত্তিহীন— কাসভও বিরিয়ানি খেতে চায়নি, আর তাকে বিরিয়ানি খাওয়ানোও হয়নি। গণমাধ্যমে তখন কাসভের পক্ষে আবেগের ঢেউ উঠছিল, তাই নাকি তিনি বিরিয়ানির কিস্সা ফাঁদেন, যাতে মানুষের মন পাল্টায়! গুলশন কুমার থেকে প্রমোদ মহাজন হত্যাকাণ্ড— বিভিন্ন সাড়াজাগানো মামলার সরকারি উকিল ছিলেন তিনি। এখন রাজ্যসভার সাংসদ। ত্রিশ বছরের আইনজীবী জীবনে প্রায় তিন ডজন অভিযুক্তের ফাঁসির সাজার পিছনে থাকা উজ্জ্বল নিকমের জীবন নিয়ে এ বার সিনেমা আসছে। তাঁর চরিত্রে রাজকুমার রাও।
প্রতিচ্ছবি: আইনজীবী উজ্জ্বল নিকম।
সত্যেরে লও সহজে
কংগ্রেসে রাহুল গান্ধীর সামনে সত্যি কথা বলার মতো নেতা কে কে আছেন? এমন কোনও সমীক্ষা হলে প্রথম সারিতে নাম আসবে রাজেন্দ্র পাল গৌতমের। গৌতম কংগ্রেসের তফসিলি জাতি দফতরের প্রধান। কিছু দিন আগে দলের সদর দফতর ইন্দিরা ভবনে এক সভায় রাহুল গান্ধীর সামনে গৌতম বলেছেন, বিজেপির কোষাগারে সরকারি হিসাবেই সাড়ে বারো হাজার কোটি টাকা রয়েছে। এ দিকে কংগ্রেসের কোষাগারে মাত্র ১৩০ থেকে ১৪০ কোটি টাকা পড়ে রয়েছে। অথচ কংগ্রেসের অনেক নেতাই কোটিপতি। অনেকে শিল্পপতি। কেউ কেউ পাঁচতারা হোটেলের মালিক। তাঁরা কংগ্রেসের সংগঠনেও রয়েছেন। কিন্তু তাঁরা কি দলের হয়ে কাজ করবেন! কংগ্রেস হাই কমান্ড আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে দলের পর্যবেক্ষক হিসাবে এই দলিত নেতাকে দায়িত্ব দিয়েছেন। রাহুল গান্ধীর দূত হিসাবে গৌতমের প্রথম দায়িত্ব অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতা। ঠোঁটকাটা গৌতম কতখানি সফল হন, সেটাই এখন প্রশ্ন।
নিকমের ভূমিকায় রাজকুমার রাও।
শুভ কর্মপথে
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টরের পদ থেকে অবসর নিলেন তপন কুমার ডেকা। অসমের এই ভূমিপুত্র সবচেয়ে বেশি দিন সংস্থার প্রধান হিসাবে থাকার রেকর্ড করে ফেলেছেন। কেন্দ্রীয় সরকারের অন্দরমহলে জোর গুঞ্জন, তাঁকে আগামী দিনে কোনও রাজ্যের রাজ্যপাল করা হতে পারে। অতীতে এম কে নারায়ণন, ই এস এল নরসিংহন-এর মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রধান পরে রাজ্যপাল হিসাবে কাজ করেছেন। এম কে নারায়ণন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছিলেন। তপন কুমার ডেকাকে জম্মু ও কাশ্মীর বা উত্তর-পূর্বের কোনও রাজ্যের রাজ্যপাল করে পাঠানো হতে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবিও আইপিএস অফিসার, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাতেও কাজ করেছেন।
আম দরবার
মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল থেকে দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর আম মেলা আয়োজন করে। সরকার পাল্টালেও তার ব্যতিক্রম হয়নি। তবে দিল্লির জনপথে হ্যান্ডলুম হাট থেকে এ বার আম মেলা চলে গিয়েছে দিল্লির বাঙালি পাড়া চিত্তরঞ্জন পার্কে। দু’সপ্তাহের মেলায় মালদহ, মুর্শিদাবাদের আমের সঙ্গে পশ্চিমবঙ্গের হস্তশিল্প সামগ্রীর পসরা। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ দিল্লি এসে সস্ত্রীক আম মেলা দেখতে গিয়েছিলেন। আম কাটিয়ে খেয়েও দেখলেন। স্ত্রী রিঙ্কুকে খেতে বললেও রাজি হননি। তাঁর আশঙ্কা, আম খাওয়ার ভিডিয়ো দেখে লোকে সমাজমাধ্যমে কটাক্ষ করবে। দিল্লির বিজেপি সাংসদ বাঁসুরী স্বরাজ আম মেলায় আমের সঙ্গে বাংলার শাড়ি কেনাকাটা করেছেন। শেষে জমিয়ে ঝালমুড়ি খেয়েছেন।
স্বাদু: ঝালমুড়ি খাচ্ছেন বাঁসুরী স্বরাজ।
সঞ্জীবনী মন্ত্র
আশুতোষ মুখোপাধ্যায়ের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর ভাষণ সঙ্কলন উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডা। ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে আশুতোষের ৩২টি বিধানসভা ভাষণের সঙ্কলন এটি। বক্তব্যের বিষয়: নাগরিক স্বাধীনতা, বিশ্ববিদ্যালয়ের স্বশাসন, প্রশাসনের জবাবদিহি, সাংবিধানিক শাসন। নড্ডা বলেন, “মোবাইলে যেমন প্রতি দিন চার্জ দিতে হয় তেমনই তাঁর বক্তৃতা আমাদের মনকে প্রতিনিয়ত পুনরুজ্জীবিত করছে।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে