কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ার সুযোগ দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের এই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। দু’বছরের কোর্স হলেও পড়ুয়ারা এক বছর পরেও কোর্সটি থেকে বেরিয়ে যেতে পারবেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অর্জন করতে পারবেন ওই পড়ুয়া।
বিশ্ববিদ্যালয়ের বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনের তরফে এই কোর্সটি করানো হবে। পাঠক্রমটির মেয়াদ দু’বছর। কোর্সে ভর্তির আবেদনের জন্য পড়ুয়াদের ক্যাট (কমন অ্যাডমিশন টেস্ট) ম্যাট-এ (ম্যানেজমেন্ট অ্যাপ্টিটিউড টেস্ট) উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারং, টেকনোলজি, মেডিক্যাল সায়েন্সেস অথবা সমতুল্য কোনও বিষয়ে স্নাতক হতে হবে। ভর্তির জন্য পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতা, ক্যাট বা ম্যাট-এ প্রাপ্ত নম্বর, গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউ (পিআই) এবং পেশাদারি অভিজ্ঞতার নিরিখে যোগ্যতা যাচাই করা হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদনমূল্য ১৫০০ টাকা এবং অসংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৭৫০ টাকা। ১৯ জুন আবেদনের শেষ দিন। ২৬ এবং ২৭ জুন ইন্টারভিউ হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।