গ্রাফিক: আনন্দবাজার ডট কম
ভোটের জন্য পিছোচ্ছে পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয় সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এ কথা।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ দু’দফায় আয়োজিত হতে চলেছে। প্রথম দফায় নির্বাচন ২৩ এপ্রিল। সে দিনই তৃতীয় সেমেস্টারের পরীক্ষা নির্ধারিত হয়েছিল। যদিও ওই দিন কলকাতায় ভোটগ্রহণ হবে না। তবে, কর্তৃপক্ষ জানিয়েছেন পরীক্ষার দিন পরিবর্তন করা হচ্ছে।
সূত্রের খবর, প্রথম সেমেস্টারের বিএ, বিএসসি ও বিকম (অনার্স ও মেজর) পরীক্ষার সূচি ছিল ১০ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু ২৩ এপ্রিল উত্তরবঙ্গের জেলাগুলি ছাড়াও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভোটগ্রহণ হবে। ফলে ওই দিন পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩ মার্চের পরিবর্তে ২৫ মার্চ পরীক্ষা নেওয়া হবে।
কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলিতে শুরু হতে চলেছে স্নাতক স্তরের পরীক্ষা। আগামী ২৪ মার্চ থেকে ওই পরীক্ষা শুরু। তবে তার আগেই বহু কলেজে থাকতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। ফলে পরীক্ষা পরিচালনা নিয়ে সমস্যায় কর্তৃপক্ষ। সে সমস্যা সমাধানেই সচেষ্ট কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে ১৪৫টির বেশি কলেজ। তার মধ্যে ১২টি কলেজে স্থানাভাব। সেখানেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ফলে কর্তৃপক্ষ সাফ জানিয়েছেন, তাঁরা পরীক্ষা নিতে পারবেন না।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস বলেন, “ভোট হলেও পরীক্ষা করাতে হবে ছাত্র-ছাত্রীদের স্বার্থে। যে সব কলেজে আধাসেনা রাখা হয়নি, সেখানে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি। এরপরেও যদি সমস্যা হয় বিকল্প হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা নেওয়ার ভাবনা-চিন্তাও করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক জয়ন্ত সিংহ বলেন, “১২টি কলেজের ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই অন্যত্র পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি। কিছু কলেজ নিজেরাই বিকল্প ব্যবস্থা করেছে।” শুধু লিখিত পরীক্ষা নয়, পাশাপাশি প্র্যাকটিক্যাল চলবে ২৭ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত। আর প্রথম সেমেস্টারের প্রাকটিক্যাল চলবে তৃতীয় সেমেস্টারের মাঝে।