WBJEE topper 2026

পছন্দ খেলা-সিনেমা, রাজ্য জয়েন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী চান কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে

মেধাতালিকায় দ্বিতীয় হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার সৌঋদ্ধ মণ্ডল। বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্র। জেইই অ্যাডভান্সড-এর কাউন্সেলিংয়ে যোগ দিচ্ছেন সৌঋদ্ধ। ইচ্ছে, দেশের নামজাদা আইআইটি-তে পড়ার। উচ্চ মাধ্যমিকে ৯৯.৭ শতাংশ নম্বর পেয়েছিলেন সৌঋদ্ধ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ২০:২৮
Share:

সৌঋদ্ধ মণ্ডল এবং উমঙ্গ ভুট। ছবি: সংগৃহীত।

একজনের পছন্দ এমবাপে অন্য জনের রোনাল্ডো। বহু দিনের কঠোর অনুশাসন ভেঙে দু’জনেই এখন বিশ্বকাপ ফুটবলে মেতেছেন। ওঁরা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকার করেছেন।

Advertisement

বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। মেধাতালিকায় দ্বিতীয় হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার সৌঋদ্ধ মণ্ডল। বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্র। জেইই অ্যাডভান্সড-এর কাউন্সেলিংয়ে যোগ দিচ্ছেন সৌঋদ্ধ। ইচ্ছে, দেশের নামজাদা আইআইটি-তে পড়ার। উচ্চ মাধ্যমিকে ৯৯.৭ শতাংশ নম্বর পেয়েছিলেন সৌঋদ্ধ। অবসরে খেলা দেখতে ভালবাসেন। প্রিয় ফুটবলার কিলিয়ান এমবাপে।

তৃতীয় হয়েছেন উত্তর দিনাজপুরের পূর্ব ইন্টারন্যাশনালের ছাত্র উমঙ্গ ভুট। জয়েন্টের অল ইন্ডিয়া র‍্যাঙ্ক এসেছে ৪২২। উচ্চ মাধ্যমিকেও রয়েছে নজরকাড়া ফল। ৯৭.৮ শতাংশ পেয়েছিলেন উমঙ্গ। কম্পিউটার সায়েন্স নিয়ে রাজ্যের আইআইটি খড়্গপুর থেকে পড়ার ইচ্ছে রয়েছে তাঁর। চলছে তারই প্রস্তুতি। পাঠ্যক্রম শেষের পর দেশ ছাড়তে চান না উমঙ্গ। বরং দেশের জন্য কিছু করার ইচ্ছে। প্রথমে চাকরি করলেও পরে নিজের ব্যবসা (স্টার্ট-আপ) শুরু করতে চান। উমঙ্গ অবসরে ক্রিকেট খেলতে ভালবাসেন। সিনেমা দেখতে পেলে আর কিছু চান না। কয়েক মাস আগে মুক্তি পাওয়া ‘ধুরন্দর ২’ সিনেমা বেশ পছন্দ হয়েছে উমঙ্গের।

Advertisement

উল্লেখ্য, এ বার মোট ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন, কিন্তু পরীক্ষা দিয়েছিলেন ৯৪,৯০১ জন। এঁদের মধ্যে ৬৭,৩৭৮ জন পুরুষ এবং ২৭,৫২১ জন মহিলা পরীক্ষার্থী ছিলেন। তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী ছিলেন ২ জন। উত্তীর্ণ হয়েছেন, ৯২,৭৫৩ জন। এঁদের মধ্যে রাজ্য থেকে পাশ করেছেন ৭৩,৬৬৫ জন, রাজ্যের বাইরে থেকে উত্তীর্ণ হয়েছেন ১৯,০৮৮ জন। রাজস্থানের নালন্দা অ্যাকাডেমির ছাত্র শাশ্বত বন্দ্যোপাধ্যয় প্রথম স্থান অর্জন করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement