আইআইটি আইএসএম ধানবাদ। ছবি: সংগৃহীত।
প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তরের পাঠ দেবে আইআইটি আইএসএম ধানবাদ। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, একাধিক বিষয়ে এমটেক করতে পারবেন পড়ুয়ারা। ভর্তির সুযোগ মিলবে যোগ্যতার ভিত্তিতে। এ জন্য শীঘ্রই শুরু হবে অনলাইন আবেদন প্রক্রিয়া।
মোট তিনটি বিভাগে প্রতিষ্ঠানের এমটেক কোর্সে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। এর মধ্যে যেমন গেট-এ প্রাপ্ত নম্বর বা আইআইটি থেকে বিটেক উত্তীর্ণ হওয়ার ভিত্তিতে ভর্তির যোগ্যতা যাচাই করা হবে। অন্য দিকে, সরকার সংস্থার আর্থিক পৃষ্ঠপোষকতাতেও মিলবে এমটেক করার সুযোগ।
প্রতিষ্ঠান থেকে এমটেক করা যাবে ভূকম্পবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালিটিক্স-সহ নানা বিষয়ে। মোট ২৮টি বিভাগে আসনসংখ্যা ৭৯৮।
এমটেক-এ ভর্তির জন্য আইআইটি থেকে বিটেক উত্তীর্ণদের সিজিপিএ স্কোর হতে হবে ৮। বাকি বিভাগগুলির ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি আলাদা। প্রতি সেমেস্টারে পড়ুয়াদের জন্য নির্ধারিত ফি ২৩,৪০০ থেকে ৬৮,২৬৮ টাকা।
আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়েই আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে পারবেন। আগামী ২০ মার্চ শুরু আবেদন প্রক্রিয়া। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।