মহার্ঘ ভাতা আদায়ের দাবিতে শিক্ষকদের মিছিল নিজস্ব চিত্র।
বকেয়া মহার্ঘ ভাতা আদায়ের দাবি-সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখাল বামেদের আটটি শিক্ষক সংগঠন। মঙ্গলবার বেলা ২টো থেকে সল্টলেকের সিটি সেন্টার মেট্রো স্টেশনের কাছে এই বিক্ষোভ চলে। পরে বিকাশ ভবনে গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন তাঁরা।
এ দিনও তাঁরা অভিযোগ করেন যে সম্প্রতি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা (ডিএ) রায়ের ‘মডিফিকেশন পিটিশন’ দাখিল করেছে রাজ্য সরকার। সেখানে বকেয়া ডিএ-র নথি থেকে বাদ দেওয়া হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের। বকেয়া ডিএ-র হিসাব সংক্রান্ত যে নথি তাঁদের হাতে পৌঁছেছে সেখানে দেখানো হয়েছে গ্রুপ-এ, বি, সি এবং ডি পর্যায়ের কতজন কর্মচারী এখন কর্মরত এবং কতজন পেনশনভোগী রয়েছেন। সেখানে পৃথক ভাবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের দেখানো হয়নি। ষড়যন্ত্রের অভিযোগের ভিত্তি এটাই।
নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস জানান, এ দিন মহার্ঘ ভাতা আদায়ের দাবির পাশাপাশি বিকাশ ভবনের স্কুলশিক্ষা দফতরে দাবি জানানো হয়েছে দ্রুত স্কুলের সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে এবং অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে। সপ্তম পে কমিশন শুরু করার দাবিও করা হয়েছে। তিনি বলেন, “শিক্ষার স্বার্থে আমাদের সংগঠিত আন্দোলন। অনেকেই তা ভাঙার চেষ্টা করছে। আজকের বিক্ষোভ কর্মসূচি থেকে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছি।” বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “আগামী ১৩ মার্চ রাজ্যের সর্বত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তার আগে এ দিনের বিক্ষোভ কর্মসূচিতে ওই ধর্মঘট সফল করার আহ্বান করা হয়েছে।”