NEET UG Paper Leak

পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস! নিট ইউজি নিয়ে সতর্কতা এনটিএ-এর, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রানস্ টেস্ট (নিট ইউজি) আয়োজিত হতে চলেছে মে মাসে। পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ প্রকাশ্যে এসেছে। এই বিষয়ে কী জানাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৩:২৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মেডিক্যাল স্নাতকে ভর্তির প্রবেশিকার প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্ক। পরীক্ষা হওয়ার আগেই সমাজমাধ্যমে দেদার বিলি হচ্ছে প্রশ্নপত্র, অভিযোগ উঠছে এমনই। তার পরই নড়ে বসেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ঘটনার পুনরাবৃত্তি রুখতে নিয়ামক সংস্থার তরফে আইনি পদক্ষেপ করা হয়েছে।

Advertisement

বন্ধ করে দেওয়া হয়েছে সমাজমাধ্যমের বেশ কিছু অ্যাকাউন্টও। ৩ মে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রানস্ টেস্ট (নিট ইউজি) হতে চলেছে। পরীক্ষার আগেই সমাজমাধ্যমকে কাজে লাগিয়ে চড়া দামে প্রশ্নপত্র বিক্রির অভিযোগ ওঠে। এনটিএ সেই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। নিয়ামক সংস্থার তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যেন কোনও ভাবেই কোনও অসাধু চক্রের জালে না পড়ে বিভ্রান্ত না হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাশাপাশি, পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য nta.ac.in বা neet.nta.ac.in ওয়েবসাইট-এ নিয়মিত নজর রাখতে বলা হয়েছে। এ ছাড়াও এনটিএ-র তরফে আর্জি জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যদি কোনও অননুমোদিত ওয়েবসাইট বা সমাজমাধ্যমের প্রোফাইল থেকে এ বছরের পরীক্ষার প্রশ্নপত্রের খোঁজ পায় বা কোনও ব্যক্তির থেকে পরীক্ষা সংক্রান্ত কোনও তথ্য পায় অথবা এনটিএ-র বা সরকারি আধিকারিক হিসাবে পরিচয় দিয়ে কোনও ব্যক্তি যদি তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তা হলে যেন তাঁরা সংশ্লিষ্ট ওয়েবসাইট-এ অভিযোগ জানায়।

Advertisement

৩ মে পরীক্ষার্থীদের বৈধ পরিচয়পত্র এবং অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। পরীক্ষায় লেখার জন্য কলম দেওয়া হবে পরীক্ষাকেন্দ্র থেকে। তাই উল্লিখিত নথি ছাড়া অন্য কোনও সামগ্রী নিয়ে পরীক্ষা দিতে যাওয়া যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement