NCERT Class 8 Textbook

নিষিদ্ধ বইয়ের চিহ্ন থাকবে না ডিজিটাল মাধ্যমেও, কড়া পদক্ষেপের আশ্বাস শিক্ষা মন্ত্রকের

সমাজবিজ্ঞানের বইয়ের ডিজিটাল কপি সরিয়ে নেওয়ার জন্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক লিখিত আর্জি জানিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিচার বিভাগের অবমাননার অভিযোগে শীর্ষ আদালত অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। নিষিদ্ধ হওয়া বই কোনও ভাবেই যাতে সাধারণের কাছে না পৌঁছোতে পারে, তা সুনিশ্চিত করতে চায় কেন্দ্র। তাই, ডিজিটাল মাধ্যমেও যাতে ওই বইয়ের কোনও কপি না থাকে, তা নিশ্চিত করবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে লিখিত নির্দেশ পাঠানো হয়েছে। পাঠ্যবইয়ে অনুপযুক্ত বিষয়ের সংযোজনের ঘটনায় উষ্মা‌ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা তীর্থে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এও নির্দেশ দেন, অভিযুক্তদের দ্রুত খুঁজে বার করতে হবে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেন। একই সঙ্গে তিনি এ-ও আশ্বাস দেন, শীর্ষ আদালত যা নির্দেশ দিয়েছে, তা মেনেই এই ঘটনায় যে বা যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

Advertisement

বৃহস্পতিবার শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ এই ঘটনাটিকে ‘মারাত্মক অবমাননাকর’ এবং ‘বেপরোয়া’ বলে চিহ্নিত করে। প্রধান বিচারপতি বলেন, “বন্দুক থেকে গুলি ছিটকে গিয়েছে এবং বিচারব্যবস্থা রক্তাক্ত।” স্কুল শিক্ষা দফতর এবং এনসিইআরটি-র অধিকর্তা দীনেশপ্রসাদ সাকলানির নামে নোটিস জারি করা হয়েছে। কেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে অনুপযুক্ত বিষয়বস্তু যোগ করা বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করে এনসিইআরটি ক্ষমাপ্রার্থনা করে। পাঠ্য বিষয় সংশোধন করার কথা সরকারি তরফে জানানোর পরই বই যাতে বিক্রি না হয়, তা সুনিশ্চিত করতে তৎপর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। জানা গিয়েছে, সমস্ত ক্রেতার সঙ্গে যোগাযোগ করে বইগুলি ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement