— নিজস্ব চিত্র।
শনিবার শহিদ মিনার ময়দানে কংগ্রেসের সভায় রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন তৃণমূল সরকারের ব্যর্থতায় পশ্চিমবঙ্গে বাড়বাড়ন্ত হয়েছে বিজেপির। রবিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে সেই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা অশোক গহলৌত। দেশের গণতান্ত্রিক কাঠামো, নির্বাচনী স্বচ্ছতা এবং শাসনব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। গহলৌত অভিযোগ করেন, দেশে ধীরে ধীরে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে দেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করছে।
তিনি বলেন, “শাসনব্যর্থতা ও দুর্নীতির কারণেই সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। এই ব্যর্থতাই বাংলায় বিজেপির বিস্তারের পথ প্রশস্ত করেছে।” তাঁর মতে, “ঐতিহাসিক ভাবে বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল বিভাজনমূলক রাজনীতিকে গ্রহণ করেনি।” ফলে এই পরিবর্তনের দায় কার— তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর প্রসঙ্গেও মন্তব্য করেন গহলৌত। মমতার একাধিক নির্বাচনী সাফল্যের কথা স্বীকার করলেও শাসনব্যবস্থা ও দুর্নীতির অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন।