BJP

WB Election: দুষ্কৃতীদের গুলি-তিরে জখম দিনহাটার বিজেপি কর্মী, অভিযুক্ত তৃণমূল

প্রদীপ মাটিতে বসে পড়ায় সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এর পর তাঁর দিকে দুষ্কৃতীরা তির ছোড়ে। দুষ্কৃতীদের ছোড়া তিরে আহত হন প্রদীপ। গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২১ ১৯:৫৫
Share:

আহত বিজেপি কর্মী প্রদীপ বর্মণ (মাঝে)। —নিজস্ব চিত্র।

বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ, দিনহাটায় দলীয় পতাকা লাগানোর সময় তাঁকে লক্ষ্য করে গুলি এবং তির চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই কর্মী। এ বিষয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি। যদিও হামলার ঘটনা অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

বিজেপি-র অভিযোগ, শনিবার সকালে কয়েক জন বিজেপি কর্মী কোচবিহার জেলার দিনহাটার বাইশগুড়ি এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন। সে সময় কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ৮-১০টি মোটরবাইকে করে এসে প্রদীপ বর্মণ নামে দলের এক কর্মীকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায়। প্রদীপ মাটিতে বসে পড়ায় সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এর পর তাঁর দিকে দুষ্কৃতীরা তির ছোড়ে। দুষ্কৃতীদের ছোড়া তিরে আহত হন প্রদীপ।

গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। দিনহাটার ভেটাগুড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। গোটা ঘটনায় শাসকদল তৃণমূলের দিকে অভিযোগ করেছে বিজেপি। দলের জেলা কমিটির সদস্য সুশীল সরকার বলেন, “তৃণমূলের দুষ্কৃতীরা প্রদীপ বর্মণকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। গুলি না লাগলে তাঁর দিকে তির ছোড়ে দুষ্কৃতীরা। তিরের আঘাতে আহত হয়েছেন ওই বিজেপি কর্মী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। ইতিমধ্যে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”

Advertisement

তবে বিজেপি-র এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “নির্বাচনের আগে জেলায় নিজেদের গোষ্ঠী কোন্দলে বিজেপি জর্জরিত। এখন কোথাও কিছু হলে তৃণমূলের উপরেই দায়ভার চাপানোর চক্রান্ত চলছে। তৃণমূলের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নন। আমরা সকলেই এখন ভোটপ্রচারে ব্যস্ত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement