Mamata Banerjee Flight Disruption

আধ ঘণ্টা দমদমের আকাশে চক্কর, পরে বেহালায় অবতরণের চেষ্টা! শেষে দমদমেই নামল মুখ্যমন্ত্রীর বিমান, কেমন ছিল ৭০ মিনিট

৩টে ৩৯ মিনিটে অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। বিকেল ৪টের মধ্যেই তাঁর কলকাতায় পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু আধ ঘণ্টা আকাশে চক্কর কাটে তাঁর বিমান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৯:০৯
Share:

কলকাতা বিমানবন্দরের উপরে চিহ্নিত স্থানে দীর্ঘ ক্ষণ চক্কর কাটতে বাধ্য হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রায় আধ ঘণ্টা ধরে কলকাতা বিমানবন্দরের উপরে দমদম এলাকায় চক্কর কাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। পরে বেহালার দিকে তা ঘুরে গিয়েছিল। বেহালা ফ্লাইং ক্লাবে পর পর তিন বার অবতরণের চেষ্টা করেন পাইলট। কিন্তু তিনি বিমান নামাতে পারেননি। ফলে ফের কলকাতা বিমানবন্দরের দিকে ফিরে যেতে হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে আকাশে এ ভাবে চক্কর কাটার পর ৫টা ১৯ মিনিট নাগাদ অবশেষে মুখ্যমন্ত্রীর বিমান কলকাতা বিমানবন্দরেই অবতরণ করেছে। বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী সোজা বাড়ি ফিরে গিয়েছেন। গাড়ি থেকে সামান্য হাত নেড়েছেন মুখ্যমন্ত্রী। কোনও মন্তব্য করেননি।

Advertisement

বুধবার থেকে মমতা জেলায় জেলায় ঘুরে নির্বাচনী প্রচার শুরু করেছেন। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে এবং বীরভূমের দুবরাজপুরে তাঁর জনসভা ছিল। কর্মসূচি শেষে অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। বিমান ওড়ে ৩টে ৩৯ মিনিট নাগাদ। বিকেল ৪টের মধ্যেই তাঁর কলকাতায় পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই সময়ে কলকাতা বিমানবন্দর এলাকায় প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। মমতার সঙ্গে বিমানে তাঁর নিরাপত্তারক্ষীরাও ছিলেন। চেষ্টা করেও বিমান নামতে পারেনি।

বিশ্বের বিভিন্ন প্রান্তে বিমানের গতিবিধির উপর নজরদারি চালায় ফ্লাইট রেডার ২৪ ডট কম। সেখান থেকে প্রাপ্ত তথ্য বলছে, কলকাতা বিমানবন্দরে নামতে না-পেরে মুখ্যমন্ত্রীর বিমান বেহালার দিকে ঘুরে গিয়েছিল। এই দেড় ঘণ্টায় কখনও বিমানের উচ্চতা কমেছে, কখনও বেড়েছে। একাধিক বার দেখা গিয়েছে বিমানটি দক্ষিণের দিকে সরে যাচ্ছে। আবার কিছু ক্ষণ পরে তা দমদমের দিকে ফিরে এসেছে। দীর্ঘ ক্ষণ উৎকণ্ঠার পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় বিমান অবতরণের অনুমতি দেয়নি কলকাতা বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল। সূত্রের খবর, ঝড়বৃষ্টির ফলে অন্তত ২০ মিনিট বিমানবন্দরে পরিষেবা ব্যাহত হয়েছে। কোনও বিমানই ওঠানামা করতে পারেনি। ঝড়বৃষ্টি থামলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

Advertisement

মমতা ছোট প্রাইভেট জেটে জেলা সফর করছেন। দীর্ঘ ক্ষণ অবতরণের অনুমতি না-পাওয়ায় মুখ্যমন্ত্রীর বিমানের জ্বালানি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। পর্যাপ্ত জ্বালানি রয়েছে কি না, কত ক্ষণ বিমান আকাশে চক্কর কাটতে পারবে, অনেকেই তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। সে ক্ষেত্রে ফের বিমানটি অন্ডালে ফিরে যাবে কি না, নিকটবর্তী অন্য কোনও বিমানবন্দরের দিকে ঘুরে যাবে কি না, তা নিয়েও আলোচনা হয়। কলকাতা ও শহরতলিতে বৃহস্পতিবার বিকেল থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিলই। আরও কিছু দিন তা চলবে। বিকেলে এত বেগে ঝোড়ো হাওয়া বইছিল যে, কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর জন্য প্রস্তুত মঞ্চ তছনছ হয়ে যায়। শুক্রবার তাঁর আর কোনও প্রচার কর্মসূচি নেই। তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বিশ্রাম করবেন। শনিবার থেকে আবার তিনি প্রচারে নামবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement