West Bengal Assembly Election 2026

শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ কত সম্পত্তির মালিক? পাঁচ বছরে অর্থ বাড়ল না কমল? কী বলছে হলফনামা

২০২১ সালে শিলিগুড়ি থেকেই বিজেপির টিকিটে লড়ে বিধায়ক হয়েছিলেন শঙ্কর। এ বারও সেখান থেকেই তাঁকে টিকিট দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৬:৪২
Share:

শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শিলিগুড়িতে এ বারও শঙ্কর ঘোষকে টিকিট দিয়েছে বিজেপি। তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বিরুদ্ধে বিধানসভা ভোটে লড়বেন তিনি। বৃহস্পতিবারই বিজেপি প্রার্থী হিসাবে শিলিগুড়়ি মহকুমা শাসকের দফতরে গিয়ে শঙ্কর মনোনয়নপত্র জমা দেন। তাঁর সঙ্গে ছিল বিশাল মিছিল। একই দিনে তাঁর প্রধান প্রতিপক্ষ গৌতমও মনোনয়ন জমা দিয়েছেন। দুই যুযুধান প্রার্থীর মনোনয়নকে কেন্দ্র করে মহকুমা শাসকের দফতরে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

Advertisement

২০২১ সালে শিলিগুড়ি থেকেই বিজেপির টিকিটে লড়ে বিধায়ক হয়েছিলেন শঙ্কর। তবে গৌতম ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে হেরে যান। নির্বাচনী হলফনামায় দেখা যাচ্ছে, গত পাঁচ বছরে শঙ্করের সম্পত্তির পরিমাণ সামান্য বেড়েছে। তিনি নিজে পেশায় শিক্ষক। তাঁর স্ত্রী তথ্যপ্রযুক্তি কর্মী। হলফনামায় আয়ের উৎস হিসাবে নির্দিষ্ট পেশার বেতন খাতকেই উল্লেখ করেছেন শঙ্কর।

সম্পত্তি ও অর্থ

হাতে ৪৬ হাজার ৩২০ টাকা নগদ নিয়ে ভোটের লড়াইয়ে নামছেন শঙ্কর। তাঁর স্ত্রীর হাতে রয়েছে নগদ ১০ হাজার ১২০ টাকা। হলফনামা অনুযায়ী, শঙ্করের অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৮ লক্ষ ৯৫ হাজার ৪০ টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৯ লক্ষ ৭০ হাজার ১৯২ টাকা। এ ছাড়া, ১ কোটি ৪০ লক্ষ টাকার স্থাবর সম্পত্তির মালিক শঙ্কর। তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ ৪৯ লক্ষ ৩৫ হাজার টাকা। বিভিন্ন জায়গায় প্রায় আট লক্ষ টাকার ঋণ রয়েছে শঙ্করদের। আপাতত স্থাবর ও অস্থাবর মিলিয়ে শঙ্করের মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৬৮ লক্ষ ৯৫ হাজার ৪০ টাকা।

Advertisement

গত পাঁচ বছরে বৃদ্ধি

২০২১ সালে হাতে ১৫ হাজার টাকা নগদ নিয়ে ভোটে নেমেছিলেন শঙ্কর। মোট অস্থাবর সম্পত্তি ছিল ৩ লক্ষ ৭৮ হাজার ৬৪৮ টাকার। তাঁর স্ত্রীর হাতে ছিল আট হাজার টাকা নগদ। শঙ্করের স্ত্রীর অস্থাবর সম্পত্তির মূল্য ছিল ৫ লক্ষ ৬২৯ টাকা। এ ছাড়া, ১ কোটি ২ লক্ষ টাকার স্থাবর সম্পত্তির মালিক ছিলেন শঙ্কর। তাঁর স্ত্রীর নামে ৩৮ লক্ষ ৫০ হাজার টাকার স্থাবর সম্পত্তি ছিল। ঋণ ছিল ১২ লক্ষ টাকার। ঋণের পরিমাণ কমলেও শঙ্করের সম্পত্তির পরিমাণ আগের চেয়ে কিছুটা বেড়েছে। ২০২১ সালে স্থাবর ও অস্থাবর মিলিয়ে শঙ্করের মোট সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৫ লক্ষ ৭৮ হাজার ৬৪৮ টাকা। যা বর্তমানের চেয়ে ৬৩ লক্ষ ১৬ হাজার ৩৯২ টাকা কম।

অপরাধের রেকর্ড

শঙ্করের বিরুদ্ধে বর্তমানে শিলিগুড়ি থানায় তিনটি এফআইআর রয়েছে। সেখানে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। তিনটিই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে হলফনামায় দাবি করেছেন শঙ্কর। কোনও মামলাতেই এখনও চার্জ গঠন করা হয়নি। কোনও অপরাধে তাঁকে দোষী সাব্যস্তও করা হয়নি। ২০২১ সালে শঙ্করের নামে শিলিগুড়ি থানাতেই দু’টি মামলা ছিল। ভারতীয় দণ্ডবিধির মোট ১০টি ধারায় এফআইআর হয়েছিল তাঁর বিরুদ্ধে। সে ক্ষেত্রেও দু’টি মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলে হলফনামায় দাবি করেন শঙ্কর।

Advertisement

শিক্ষাগত যোগ্যতা

২০১৩ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় ডক্টর অফ ফিলোজফি (সায়েন্স) ডিগ্রি লাভ করেছেন শঙ্কর। হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতার আর কোনও বিবরণ তিনি প্রকাশ করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement