SIR Voter List in West Bengal

সব বুথ থেকে নাম চলে এলে শুক্রেই অতিরিক্ত তালিকা! কত লক্ষের নাম থাকতে পারে? চিন্তা বিচারকদের নিরাপত্তা নিয়েও

রাজ্যের সাত হাজারের বেশি বুথ থেকে নিষ্পত্তি হওয়া নামের তালিকা কমিশনের কাছে পৌঁছেছে। তবে সম্পূর্ণ তালিকা এখনও পাওয়া যায়নি। শুক্রবারের মধ্যে তা চলে এলে শুক্রবারই তালিকা প্রকাশ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ২২:৪২
Share:

এসআইআর-এর অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

শুক্রবারই প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। তার প্রস্তুতি চলছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজে যে বিচারকেরা যুক্ত রয়েছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। কমিশন সূত্রে খবর, বিচারকদের নিরাপত্তা খতিয়ে দেখতে বলা হেয়েছে সংশ্লিষ্ট ডিএসপি-কে। প্রয়োজন অনুযায়ী নিরাপত্তার বন্দোবস্ত করা হবে।

Advertisement

কমিশন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ২৫ লক্ষ ৩৪ হাজার বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। রাজ্যের সাত হাজারের বেশি বুথ থেকে নিষ্পত্তি হওয়া নামের তালিকা কমিশনের কাছে পৌঁছেছে। তবে সম্পূর্ণ তালিকা এখনও পাওয়া যায়নি। বাকি বুথ থেকে তালিকা কমিশনে আসার পরেই প্রথম অতিরিক্ত তালিকাটি প্রকাশ করা যাবে। শুক্রবারের মধ্যে যদি সব বুথ থেকে নাম চলে আসে, তবে শুক্রবারেই অতিরিক্ত তালিকা প্রকাশ করবে কমিশন। তা যদি না হয়, তবে তালিকা প্রকাশে আরও খানিক দেরি হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি কমিশন যে অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করেছিল, তাতে বিবেচনাধীন ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। সেই নামের নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ করেছেন। এই মুহূর্তে রাজ্যে ৭০০-র বেশি বিচারক, অবসরপ্রাপ্ত বিচারক ওই কাজে নিযুক্ত রয়েছেন। কমিশন সূত্রে খবর, বিবেচনাধীন নামের নিষ্পত্তিতে গতি বেড়েছে। প্রতি দিন প্রায় দু’লক্ষ করে নামের নিষ্পত্তি হচ্ছে। এই গতিতে কাজ চলতে থাকলে ভোটের আগেই নিষ্পত্তির কাজ শেষ হয়ে যাবে।

Advertisement

আদালত জানিয়েছে, বিবেচনাধীন তালিকার নিষ্পত্তির পরেও অতিরিক্ত তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা পৃথক ভাবে আবেদন করতে পারবেন বিশেষ ট্রাইবুনালে। তাঁদের ভবিষ্যৎ কী, এখনও স্পষ্ট নয়। কমিশন সূত্রে খবর, যাঁরা তথ্যগত অসঙ্গতির বিষয়গুলি বিবেচনা এবং নিষ্পত্তি করছেন, সেই বিচারকদের নিরাপত্তা খতিয়ে দেখা হবে। অতিরিক্ত তালিকা প্রকাশের পর কারও বাড়তি নিরাপত্তা প্রয়োজন হলে সেই বন্দোবস্ত করা হবে।

রাজ্যে দু’দফায় আগামী ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। ফল জানা যাবে ৪ মে। কমিশন জানিয়েছে, ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যত জনের নামের নিষ্পত্তি হবে, প্রত্যেকের নাম অতিরিক্ত ভোটার তালিকায় রাখা হবে। দফায় দফায় এমন একাধিক তালিকা প্রকাশ করবে কমিশন। তবে পূর্ণাঙ্গ ভোটার তালিকা ছাড়া ভোট হওয়া সম্ভব নয়। এ ক্ষেত্রে সময়ের মধ্যে বিবেচনাধীন নামের নিষ্পত্তি না হলে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement