West Bengal Election 2026

প্রার্থী ঘোষণা হল না বাঁকুড়ায়, ফোন ধরলেন না নীলাদ্রি

বাঁকুড়া জেলায় যে দশটি কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে তার মধ্যে পাঁচ জনই বিধায়ক। তবে তাঁদের মধ্যে দু’জনকে নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছিল।

রাজদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ০৯:০৬
Share:

প্রার্থী তালিকা ঘোষণার আগে ছাতনায় পোস্টার পড়ে। — নিজস্ব চিত্র।

বাঁকুড়া জেলার দুই শহর কেন্দ্রিক বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম কেন বিজেপি ঘোষণা করল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বাঁকুড়া কেন্দ্রের বিধায়ক বিজেপির নীলাদ্রিশেখর দানাকে দল এ বারও প্রার্থী করবে, সপ্তাহখানেক আগে জেলায় সে ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানিয়েছিলেন, সাধারণ দল জয়ী জনপ্রতিনিধিদেরই প্রার্থী করে। কিন্তু সোমবার বিজেপির ঘোষিত তালিকায় জেলার ছ’জনের মধ্যে পাঁচ জন দলীয় বিধায়কের নাম থাকলেও নীলাদ্রির নাম দেখা যায়নি। কেন তাঁর নাম নেই, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এতে নীলাদ্রির অনুগামীরা মুষড়ে পড়েছেন। তবে নীলাদ্রি ফোন ধরেননি। মেসেজেরও জবাব দেননি। অন্য দিকে, বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করেনি বিজেপি। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী ভোটে জিতে পরে তৃণমূলে চলে যান। ফলে সেখানে নতুন প্রার্থীর নাম ঘোষণা হওয়ার ছিল।

বাঁকুড়া জেলায় এ দিন যে দশটি কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে তার মধ্যে পাঁচ জনই বিধায়ক। তবে তাঁদের মধ্যে দু’জনকে নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছিল। রবিবার শালতোড়ার বিদায়ী বিজেপি বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে প্রকাশ্যে বিক্ষোভ দেখান স্থানীয় দলীয় কর্মীদের একাংশ। সোমবার সকালে ছাতনার বিদায়ী বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে বহিরাগত দাবি করে তাঁকেও প্রার্থী না করার দাবিতে ছাতনায় দলের একাংশ পোস্টার দেন। তারপরেও চন্দনা ও সত্যনারায়ণকে প্রার্থী করেছে বিজেপি। ওন্দা, ইন্দাস, সোনামুখীতেও দল গতবারের জয়ী বিধায়কদেরই প্রার্থী করেছে।

কোতুলপুরের গতবারের বিজেপির বিধায়ক পরে তৃণমূলে যোগ দেন। তাই সেখানে এ বার বিজেপি প্রার্থী করেছে দলের পুরনো নেতা, পেশায় শিক্ষক লক্ষ্মীকান্ত মজুমদারকে। ২০১৪ সালে কোতুলপুর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন লক্ষ্মীকান্ত। জিততে পারেননি। এ বার ফের দল তাঁকেই প্রার্থী করেছে।

অন্য দিকে, পর পর দু’টি বিধানসভা নির্বাচনে রানিবাঁধের বিজেপি প্রার্থী হয়ে ভোটে লড়াই করে পরাজিত হওয়া ক্ষুদিরাম টুডুকে এবারও সেখানেই প্রার্থী করেছে বিজেপি। রাইপুরের প্রার্থী হয়েছেন দলের বাঁকুড়া সাংগঠনিক জেলা কমিটির অন্যতম সদস্য ক্ষেত্রমোহন হাঁসদা। তালড্যাংরার প্রার্থী শৌভিক পাত্র বর্তমানে সিমলাপাল পঞ্চায়েত সমিতির সদস্য। সেখানে স্থানীয় প্রার্থী করার দাবি ছিল। বড়জোড়ায় বিজেপি প্রার্থী করেছে দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিল্লেশ্বর সিংহকে। দীর্ঘদিন তিনি দলের পুরুলিয়া বিভাগের দায়িত্বে রয়েছেন। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস বসু বলেন, “প্রার্থী তালিকা ঘোষণার পরেই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন