West Bengal Election 2026

ভোট ঘোষণার পরেই পর্যবেক্ষকদের নজরদারি

চলতি সপ্তাহের গোড়ায় কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে স্পষ্ট ইঙ্গিত ছিল— আইনশৃঙ্খলা থেকে ভোট পরিচালনা, সবের উপরেই নজর রাখা হবে। গত মঙ্গলবার রাজ্য সফর সেরে দিল্লিতে ফিরে গিয়েছেন কমিশন-কর্তারা।

চন্দ্রপ্রভ ভট্টাচার্য

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০৮:০০
Share:

—প্রতীকী চিত্র।

নজরদারির ধরনে আমূল বদল আনল জাতীয় নির্বাচন কমিশন। এত দিনের চালু রীতি বদলে কমিশনের সিদ্ধান্ত— নিযুক্ত হওয়া ভোটের পর্যবেক্ষকদের নজরদারির কাজ শুরু হবে ভোট ঘোষণার পর থেকেই। ফলে ভোটের দিনের অনেক আগে থেকেই এলাকার আইনশৃঙ্খলা, ভোটের খরচ, বিভিন্ন রাজনৈতিক দল এবং কর্মীদের ভূমিকা-আচরণ— সবই থাকবে পর্যবেক্ষকদের ‘নজরবন্দি’।

চলতি সপ্তাহের গোড়ায় কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে স্পষ্ট ইঙ্গিত ছিল— আইনশৃঙ্খলা থেকে ভোট পরিচালনা, সবের উপরেই নজর রাখা হবে। গত মঙ্গলবার রাজ্য সফর সেরে দিল্লিতে ফিরে গিয়েছেন কমিশন-কর্তারা। ৪৮ ঘণ্টার মাথায়, শুক্রবার তাঁরা লিখিত ভাবে জানিয়ে দিয়েছেন, উল্লেখযোগ্য সংখ্যায় আইএএস এবং আইপিএসদের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হবে। ভোট ঘোষণা হওয়ার পরেই তাঁদের রিপোর্ট করতে হবে নির্ধারিত জেলা বা বিধানসভা কেন্দ্রে। কাজ শুরু করতে হবে সঙ্গে সঙ্গে। এই নির্দেশ কেউ অগ্রাহ্য করলে সংশ্লিষ্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে কমিশন। প্রসঙ্গত, অতীতে যে কোনও ভোটের মনোনয়ন পর্বের শেষ দিন থেকে পর্যবেক্ষকেরা কাজ শুরু করতেন। সব ঠিক থাকলে আগামী সপ্তাহের গোড়ায় ভোট ঘোষণা হতে পারে। কমিশনের নতুন অবস্থানে তার পর থেকেই কাজ শুরু করতে হবে সাধারণ, পুলিশ এবং খরচ সংক্রান্ত (এক্সপেন্ডিচার) পর্যবেক্ষকদের।

পশ্চিমঙ্গের সঙ্গে অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরীতেও বিধানসভা ভোট হবে। কমিশনের নিয়মে এ রাজ্যে পর্যবেক্ষক হিসেবে আসবেন অন্য রাজ্যের আইএএস-আইপিএস অফিসারেরা। পর্যবেক্ষকের তালিকায় থাকা এ রাজ্যের অফিসারদের ভাগ করে পাঠিয়ে দেওয়া হবে বাকি চার রাজ্যের নজরদারি-দায়িত্বে। কমিশনের সেই তালিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব-সহ ১৫ জন আইএএস অফিসার সাধারণ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন। পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন ১০ জন আইপিএস অফিসার। কমিশনের নতুন এই সিদ্ধান্তের ফলে ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্ব সামলাতে চলে যেতে হবে অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরীতে। সূত্রের বক্তব্য, রাজ্য আবেদন করলেও, স্বরাষ্ট্রসচিবকে এই দায়িত্ব থেকে এখনও অব্যহতি দেয়নি কমিশন। ফলে তিনি পর্যবেক্ষকের দায়িত্বে চলে গেলে স্বরাষ্ট্রসচিব পদে নতুন কাউকে বসানো হয় কি না, তা নিয়ে কৌতূহল রয়েছে প্রশাসনের অন্দরে।

কমিশন সূত্র জানাচ্ছে, গত বিধানসভা ভোটে এ রাজ্যে ১৬০ জন সাধারণ পর্যবেক্ষক, ৩৭ জন পুলিশ পর্যবেক্ষক এবং ৮৪ জন এক্সপেন্ডিচার পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছিল। তবে এ বছর এই সংখ্যা অনেক গুণে বাড়বে। আপাতত যা স্থির রয়েছে তাতে, প্রতি বিধানসভায় একজন করে পর্যবেক্ষক দায়িত্বে থাকবেন। আবার প্রয়োজনে আইনশৃঙ্খলা, এলাকার সংবেদনশীলতা, অতীত ভোটের নানা ঘটনার দিক থেকে এ বার একটি বিধানসভায় একাধিক পর্যবেক্ষককেও দায়িত্ব দেওয়া হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন