—প্রতিনিধিত্বমূলক ছবি।
রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে গত ৩৬ ঘণ্টায় ১৫৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্বাচন কমিশনের নির্দেশেই পুলিশের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। বুধবার রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটের আগে ঝামেলা পাকাতে পারেন, এমন ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিল কমিশন।
ধৃতদের তালিকায় রয়েছেন পূর্ব বর্ধমান জেলার এক তৃণমূল কাউন্সিলরও। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই কাউন্সিলরের নাম নাড়ুগোপাল ভকত। তিনি বর্ধমান পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রবিবার গভীর রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। নাড়ুগোপালেপ বিরুদ্ধে বিজেপি নেতার বাড়িতে হামলা এবং ‘দাদাগিরি’ করার অভিযোগ উঠেছে।
রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত ১০৯৫ জন ‘ঝামেলাবাজ’কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারির নিরিখে সবার প্রথমে রয়েছে পূর্ব বর্ধমান জেলা। ওই জেলায় ৪৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় গ্রেফতার করা হয়েছে ২৪৬ জনকে। নদিয়ায় গ্রেফতারির সংখ্যা ৩২। হুগলি, উত্তর ২৪ পরগনায় গ্রেফতার করা হয়েছে যথাক্রমে ৪৯ জন এবং ৩১৯ জনকে।