Secretary for Governor

ভোটের পর প্রথম আমলা বদলি! রাজ্যে পালাবদল হতে না হতেই নতুন সচিব পেলেন রাজ্যপাল! কাকে পাঠানো হল লোক ভবনে?

সিভি আনন্দ বোস রাজ্যপাল থাকাকালীন আইএএস নন্দিনী চক্রবর্তীকে রাজ্যপালের সচিব করা হয়েছিল। যদিও কিছু দিনের মধ্যেই নন্দিনীকে ওই পদ থেকে সরিয়েও দেওয়া হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ০৯:০৭
Share:

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি। — ফাইল চিত্র।

রাজ্যে ভোট পর্ব মিটতে না-মিটতেই আমলাস্তরে প্রথম বদলি হয়ে গেল। গণনা পর্ব মিটতেই নতুন সচিব পেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি। রাজ্যের পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহনকে এ বার রাজ্যপালের সচিব করা হল। ২০০২ সালের এই আইএএস আধিকারিক এ বার যোগ দিচ্ছেন রাজ্যপালের সচিবপদে।

Advertisement

প্রায় তিন বছরের বেশি সময় ধরে পরিবহণ দফতরের সচিবপদে বহাল ছিলেন তিনি। ভোট পর্বে রাজ্যে প্রশাসনিক স্তরে বিভিন্ন বদল করা হলেও পরিবহণ দফতর থেকে তাঁকে সরানো হয়নি। এ বার ভোট মিটতেই রাজ্যপালের সচিব করা হল সৌমিত্রকে। গত ১২ মার্চ পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে কলকাতার লোক ভবনে শপথ নেন রবি। জানা যায়, রাজ্যপাল দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যেই সচিব নিয়োগের জন্য অনুরোধ করেছিলেন সরকারকে।

এর আগে সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন আইএএস নন্দিনী চক্রবর্তীকে রাজ্যপালের সচিব করা হয়েছিল। যদিও ওই নিয়োগের কিছু দিনের মধ্যেই নন্দিনীকে আবার ওই পদ থেকে সরিয়েও দেওয়া হয়েছিল। জানা যায়, রাজভবনে যাওয়ার পরেই তিনি তৎকালীন ‘শাসকদলের লোক’ হিসাবে তকমা পান। লোক ভবন সূত্রে তখন জানা যায়, সেই তকমার কারণেই নন্দিনীকে সরানো হয় রাজ্যপালের সচিবের পদ থেকে। পরে অবশ্য নন্দিনীকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং আরও পরে মুখ্যসচিবও করা হয়েছিল।

Advertisement

২০২৩ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন রাজ্যপাল আনন্দ বোস তাঁর প্রধান সচিবের পদ থেকে সরিয়েছিলেন নন্দিনীকে। সেই থেকে কোনও আইএএস পদের আধিকারিককে এই পদে নিয়োগ করা হয়নি। এ বার প্রায় তিন বছর পরে ফের কোনও আমলা রাজ্যপালের সচিব হিসাবে নিযুক্ত হচ্ছেন।

ঘটনাচক্রে, সোমবারই রাজ্য রাজনীতিতে পালাবদল হয়েছে। তৃণমূলের দুর্গে ধস নামিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করেছে বিজেপি। তার ঠিক পরের দিন সকালেই রাজ্যপালের নতুন সচিব নিয়োগের খবর প্রকাশ্যে এল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement