— প্রতিনিধিত্বমূলক চিত্র।
অধ্যাপনার সুযোগ দেবে এনসিইআরটি (রাষ্ট্রীয় শিক্ষা অনুসন্ধান এবং প্রশিক্ষণ পরিষদ)। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট ৫৩টি বিষয়ের জন্য অধ্যাপক এবং শিক্ষক নিয়োগ করা হবে। শূন্যপদ ১১৭টি।
ওই সংস্থায় গণিত, রাশিবিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, প্রাণিবিদ্যা, মনোবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, জীবনবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, হিন্দি, ইংরেজি, উর্দু, তেলুগু, শারীরশিক্ষা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, অর্থনীতি, ডিফেন্স সায়েন্স, হোম সায়েন্স, আর্ট এডুকেশন, বায়োসায়েন্স, ফার্মাসি, আর্ট অ্যান্ড অ্যাস্থেটিক্স, এক্সটেনশেন এডুকেশন, রুরাল টেকনোলজি বিভাগে অধ্যাপক এবং শিক্ষক প্রয়োজন।
উল্লিখিত বিভাগে পিএইচডি অর্জন করেছেন এবং ইউজিসি অনুমোদিত জার্নালে অন্তত সাত থেকে ১০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে— এমন ব্যক্তিরা অধ্যাপনা এবং শিক্ষকতার জন্য আবেদন করতে পারবেন।
এ ছাড়াও এনসিইআরটি-র ডেপুটি লাইব্রেরিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স, ডকুমেন্টেশন সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ওই পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে, লাইব্রেরিয়ান হিসাবে কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
অধ্যাপক হিসাবে নিযুক্তেরা প্রতি মাসে ১,৪৪,২০০ টাকা, শিক্ষক এবং লাইব্রেরিয়ান পদে নিযুক্তেরা প্রতি মাসে ৫৭,৭০০ টাকা থেকে ১,৩১,৪০০ টাকা বেতন হিসাবে পাবেন।
প্রার্থীদের এনসিইআরটি-র ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের জন্য পোর্টাল ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে। আবেদনমূল্য ১,০০০ টাকা ধার্য করা হয়েছে।