UPSC 2026 Exam

পরীক্ষা নেওয়ার পরে সম্ভাব্য উত্তর জানিয়ে দেবে ইউপিএসসি? কেন এতে পরীক্ষার্থীদের সাহায্য হবে?

ইউপিএসসির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার পদ্ধতিতে স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কমিশন। তাদের বক্তব্য, এতে পরীক্ষার্থীরাও নিজেরা কেমন পরীক্ষা দিয়েছেন, তা শুরুতেই বিশ্লেষণ করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১২:৫৬
Share:

ইউপিএসসি পরীক্ষার সম্ভাব্য উত্তর কত আগে জানা যাবে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সরকারি আমলা হওয়ার পরীক্ষা দেওয়ার পরেই সম্ভাব্য উত্তরপত্র বা ‘আনসার কি’ হাতে পাবেন পরীক্ষার্থীরা। এমনই সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। এই প্রথম পরীক্ষার অব্যবহিত পরেই ‘আনসার কি’ প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

Advertisement

এর আগে কমিশনের তরফে সম্ভাব্য উত্তর বা ‘আনসার কি’ দেওয়া হত পরীক্ষা প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে। নতুন নিয়মে আসন্ন সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা শেষের অনতিবিলম্বেই ‘আনসার কি’ প্রকাশ করা হবে। যাতে পরীক্ষার্থীরা উত্তর সংক্রান্ত কোনও আপত্তি থাকলে তা জানাতে পারেন বা কোনও গরমিলের কথা বলতে পারেন। ইউপিএসসি জানিয়েছে, পরীক্ষার্থীরা আগামী ৩১ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইউপিএসসির সরকারি ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত অভিযোগ দায়ের করতে পারবেন।

ইউপিএসসির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কমিশন। তাদের বক্তব্য, এতে পরীক্ষার মানোন্নয়ন হবে। পরীক্ষার্থীরাও নিজেরা কেমন পরীক্ষা দিয়েছেন, তা শুরুতেই বিশ্লেষণ করতে পারবেন।

Advertisement

ইউপিএসসি-র চেয়ারম্যান অজয় কুমার এই ঘোষণা করে জানিয়েছেন, ‘‘এই প্রথম সিভিল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে এমন একটি পদক্ষেপ করছে কমিশন। কারণ আমরা চাইছি পরীক্ষার্থীদের সঙ্গে কমিশনের মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে। কেউ যেন না ভাবেন, মেধা থাকা সত্ত্বেও তিনি সুযোগ পেলেন না।’’

কী ভাবে ইউপিএসসি-র উত্তর নিয়ে অভিযোগ জানানো যাবে?

১. প্রথমে upsconline.nic.in ওয়েবসাইটে যেতে হবে।

২. লগ-ইন করে নিতে হবে।

৩. অনলাইন কোয়েশ্চেন পেপার রিপ্রেজ়েন্টেশন পোর্টাল (কিউপিআরইপি) খুলতে হবে।

৪. যথাযথ প্রমাণ সহযোগে (অন্তত ৩টি বিশ্বাসযোগ্য তথ্য লাগবে) অভিযোগ দায়ের করতে হবে। পাশাপাশি কেন অভিযোগ জানাচ্ছেন, তা অল্প কথায় লিখে দিতে হবে।

কী ভাবে মূল্যায়ন হবে?

প্রতিটি অভিযোগ খতিয়ে দেখবে বিশেষ প্যানেল। প্রমাণগুলি খতিয়ে দেখে, অভিযোগ ভুল না কি ঠিক তার বিচার করা হবে। তার পরে প্রকাশ করা হবে চূড়ান্ত উত্তর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement