Govt Jobs in Power Plants 2026

শক্তি উৎপাদন কেন্দ্রগুলিতে চাকরি পেতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা কি আবশ্যক! কী ভাবে মেলে নিয়োগ?

দেশের বিভিন্ন শক্তি উৎপাদন কেন্দ্রে টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তরত্তীর্ণদের নিয়োগ করা হয়ে থাকে।

Advertisement
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৪:৫৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

শিল্পোন্নয়নের লক্ষ্যে এ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠতে চলেছে। ওই কেন্দ্রে পরবর্তী কালে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। দেশে এমন তাপবিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ২৬০-এরও বেশি। এ ছাড়াও পারমাণবিক কেন্দ্র রয়েছে ২৫টি। জলবিদ্যুৎ উৎপাদনের জন্যও ১৯৭টি প্রকল্পে কাজ চলছে।

Advertisement

সাম্প্রতিক এক সমীক্ষার রিপোর্ট বলছে, বছরে ওই সব কেন্দ্র থেকে মোট ১,৮২৪ কোটি ইউনিট বিদ্যুৎ উৎপন্ন হয়। এর মধ্যে কয়লা উৎপন্ন বিদ্যুতের পরিমাণ সব থেকে বেশি হলেও, সৌরশক্তি, বায়ুশক্তি, জলশক্তি এবং পারমাণবিক শক্তিও ব্যবহার করা হচ্ছে বিদ্যৎ চাহিদা মেটাতে। সে জন্য বিদ্যুৎ কেন্দ্রগুলিতে নিয়মিত স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হয়ে থাকে। কিন্তু কারা কোন বিভাগে চাকরির সুযোগ পেয়ে থাকেন, তা জেনে নেওয়া প্রয়োজন।

কোন বিভাগে কেমন সুযোগ?

Advertisement
  • ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকলে যে সব বিভাগে চাকরি করতে পারবেন, সেগুলি হল— প্লান্ট অপারেটর, কন্ট্রোল রুম অপারেটর, সেফটি অফিসার; সাইট, শিফট, মেনটেন্যান্স, ইনস্ট্রুমেন্টশন, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এ ক্ষেত্রে প্রার্থীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এ ছাড়াও তাঁদের ইঞ্জিনিয়ারিং শাখায় উল্লিখিত বিষয়ে স্নাতক হতে হবে।
  • বিজ্ঞান শাখার অধীনে রসায়ন, পদার্থবিদ্যা, নিউক্লিয়ার ফিজ়িক্স কিংবা সমতুল বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরাও চাকরির সুযোগ পেয়ে থাকেন। এ ক্ষেত্রে তাঁরা কেমিস্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, নিউক্লিয়ার সায়েন্টিস্ট, রিঅ্যাক্টর অপারেটর, রেডিয়েশন সেফটি অফিসার, ল্যাব টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন।
  • কলা ও বাণিজ্য শাখার স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের ক্ষেত্রে নন-টেকনিক্যাল বিভাগে কাজের চাহিদা বেশি। সে ক্ষেত্রে হিউম্যান রিসোর্স অফিসার, অ্যাকাউন্টস, ফিনান্স, স্টোর অ্যান্ড পারচেজ়, অ্যাডমিনিস্ট্রেটর, সিকিউরিটি স্টাফ হিসাবে চাকরির সুযোগ রয়েছে।
  • এ ছাড়াও ইঞ্জিনিয়ারিং, কলা, বিজ্ঞান, বাণিজ্য শাখায় ডিপ্লোমা করেছেন কিংবা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা আইটিআই শংসাপত্র অর্জন করেছেন, তাঁরাও শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেতে পারেন।

কী কাজ করতে হয়?

উল্লিখিত পদে নিযুক্তদের উপর বিদ্যুৎ উৎপাদনে নজরদারি, প্রযুক্তিগত সমস্যার সমাধান, কাজের কৌশল নির্ধারণ করার পাশাপাশি, দ্রুত কাজ সম্পন্ন করার দায়িত্ব থাকে। এ ছাড়াও প্লান্ট অপারেশন থেকে শুরু করে ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়গুলি দেখাভালের জন্যও বিশেষজ্ঞদের প্রয়োজন হয়ে থাকে।

প্রাথমিক পর্যায়ে ভাতা বা পারিশ্রমিক মাসে ৭-৮ হাজার টাকা থেকে শুরু হয়। সংস্থার নিরিখে ওই পারিশ্রমিক ৪০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে।

দেশের রাষ্ট্রায়ত্ত কেন্দ্রগুলিতে নিয়মিত ভাবে ইঞ্জিনিয়ারিং ছাড়াও অন্য ডিগ্রিপ্রাপ্ত পড়ুয়াদের যথেষ্ট চাহিদা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল— নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড, ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন প্রাইভেট লিমিটেড। তবে, এ ক্ষেত্রে শারীরিক এবং মানসিক দৃঢ়তাও থাকা প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement