Aamir Khan-Gauri Spratt

‘কেন যে এত আগ্রহ আমার বিয়ে নিয়ে!’ কন্যার বিবাহে বসেছিল চাঁদের হাট, আমির-গৌরীর অতিথি কারা?

২০২৪ সালে বসেছিল আইরা খানের বিয়ের আসর। উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা। তাঁরা কি আমিরের বিয়েতেও উপস্থিত থাকবেন, সেই প্রশ্ন উঠছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৩:৩২
Share:

আমির-গৌরীর বিয়েতে অতিথি কারা? ছবি: সংগৃহীত।

বিয়ের সানাই বাজতে আর মাত্র কয়েক দিন বাকি। তৃতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান। ৬০ বছরের জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। তাঁকেই আগামী ৫ জুলাই বিয়ে করছেন আমির। ঘনিষ্ঠ পরিজনের মাঝে বিয়ের আসর বসবে, এই খবর ছড়িয়েছিল। সেই অতিথি তালিকায় কারা কারা থাকতে পারেন, এ বার তা প্রকাশ্যে এল।

Advertisement

৫ জুলাই বসছে ৬১ বছরের তারকার বিয়ের আসর। শোনা যাচ্ছে, ঘনিষ্ঠ পরিজন উপস্থিত থাকবেন বিয়েতে। আমির তাঁর প্রাক্তন দুই স্ত্রীকেও পরিবারের অংশ বলেই মনে করেন। তাই গুঞ্জন, আমিরের বিয়েতে রিনা দত্ত উপস্থিত না থাকলেও, আসবেন আইরা খান ও জুনেইদ খান। দ্বিতীয় স্ত্রী কিরণ রাও ও পুত্র আজ়াদও আসবেন কি না, সেই প্রশ্ন উঠছে। কিরণ না এলেও আজ়াদের আসার সম্ভাবনা রয়েছে বলে খবর।

বলিউড থেকে কারা আসতে পারেন, সেই নিয়েও অনুরাগীদের মধ্যে কৌতূহল রয়েছে। শোনা যাচ্ছে, আমিরের প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠেরা থাকবেন। তা ছাড়া দীর্ঘ দিনের বন্ধু সলমন খানও আমন্ত্রিতদের মধ্যে থাকবেন। শাহরুখ খানও নিমন্ত্রিত বলে গুঞ্জন।

Advertisement

২০২৪ সালে বসেছিল আইরার বিয়ের আসর। আমির-কন্যার বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা। ২৫০০ অতিথির মধ্যে ছিলেন রণবীর কপূর, ক্যাটরিনা কইফ, মুকেশ অম্বানী, নীতা অম্বানী, শাহরুখ ও সলমনও। তাঁরা কি আমিরের বিয়েতেও উপস্থিত থাকবেন? সেই প্রশ্ন উঠছে। যদিও আমিরের বক্তব্য, “খুবই ব্যক্তিগত পরিসরে বিয়ে হচ্ছে। সাধারণ ভাবে আইনি বিয়ে হবে। শুধু দু’জনের পরিবার থাকবে। বন্ধুবান্ধব থাকবে, আর খুব ঘনিষ্ঠ কয়েক জন থাকবেন।”

নিজের বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন আমির। কিন্তু পাশাপাশি বিয়ের খবর কী ভাবে ফাঁস হয়ে গেল, সেই বিষয়েও অবাক অভিনেতা। তিনি বলেছেন, “বুঝি না, কেন আমার বিয়ে নিয়ে এত আগ্রহ। মানুষের শুধু তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ। বিশেষত অভিনেতা ও ক্রিকেটারদের জীবন নিয়ে। মানুষের তো আমাদের কাজ নিয়ে আগ্রহ থাকার কথা। আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে নয়।”

আমির একাধিক সাক্ষাৎকারে গৌরীর প্রতি মনের ভাব উজা়ড় করেছেন। তিনি বলেছেন, “আমি খুব ভাগ্যবান যে, গৌরীর সঙ্গে আমার দেখা হয়েছিল এবং আমরা সম্পর্কে আছি। ও খুব ভাল মানুষ। ওর সঙ্গে থাকলে আমি শান্তি পাই। যদিও কিরণ আর রিনার সঙ্গেও আমার সম্পর্ক খুব গভীর ছিল, কিন্তু সেগুলো টেকেনি। এখন মনে হয়, আমার জীবনে গৌরীর আসাটা আমার কাছে আশীর্বাদের মতো। আমরা একসঙ্গে খুব সুখে আছি। আমার মনে হয় এত দিনে আমি পরিপূর্ণ হয়েছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement