aamir khan

বর্তমান সময়ের খ্যাতনামী পরিচালকের কাছে ধমক! কোন ‘অপরাধে’ জলখাবার খাওয়া ছাড়েন আমির?

‘লগান’ ছবির প্রযোজক ছিলেন আমির নিজেই। তবে ছবির সহকারী পরিচালকের কাছে একবার নাকি জোর ধমক খান তিনি। কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৭:০১
Share:

আমির খান। ছবি: সংগৃহীত।

ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য ছবি ‘লগান’। আমির খান অভিনীত, আশুতোষ গোয়ারীকর পরিচালিত এই ছবির প্রতিটি চরিত্রকেই এখনও মনে রেখেছেন দর্শক। দেশ-বিদেশের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে তৈরি এই ছবির তৈরি হয়েছিল। প্রযোজক ছিলেন আমির নিজেই। তবে ছবির সহকারী পরিচালক রিমা কাগতির কাছে একবার নাকি জোর ধমক খান আমির।

Advertisement

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির সেই স্মৃতি হাতড়ে বলেন, একটি শটের জন্য সময়মতো উপস্থিত না হওয়ায় রিমা তাঁকে বকা দিয়েছিলেন। তিনি হাসতে হাসতে বলেন, “‘লগান’ ছবিতে অনেক অভিনেতা-অভিনেত্রী ছিলেন এবং সহকারী পরিচালকও অনেকে ছিলেন। রিমা তাঁদের অন্যতম। তাঁকেই সমস্ত সময়সূচি ঠিক করতে হত— কে কখন আসবেন, কে কখন জলখাবার খাবেন ইত্যাদি। সহকারী পরিচালকেরা সকালের খাবার খাওয়ার জন্য ১৫ মিনিট সময় রাখতেন। আমি আবার ধীরেসুস্থে খাই। আমি সবকিছুই ধীরে ধীরে করি। তাই আমি তাঁদের বলেছিলাম শট শুরুর ১৫ মিনিট আগে ডাকতে। হঠাৎ রিমা আমাকে বকা দিয়ে বলেন, ‘‘তোমার জন্য গোটা কেশসজ্জা ও রূপটান বিভাগ ১৫ মিনিট আগে চলে আসতে পারবে না।”

যদিও আমিরের মনে হয়, প্রযোজক হওয়ার ভাব প্রকাশ করেছিলেন বলেই হয়তো একটু বেশি বকা খান। অভিনেতার কথায়, “আমি বলালম আমি প্রযোজক। আমার সময় লাগে। রিমা পাল্টা বলে ওঠেন, ‘আমি পরোয়া করি না। তোমাকে সময়ে আসতেই হবে…।’”

Advertisement

রিমা নাকি এতটাই কঠোর ভাবে কথাটা বলেন যে, তাতে আহত হন আমির। অভিনেতার কথায়, ‘‘আমিও সটান বলে দিই, এ বার থেকে আমি জলখাবার খাবই না।” তাতে নাকি রিমার জবাব ছিল, “যাক! এ বার থেকে তা হলে সময়ে আসবে।’’ প্রযোজক বলে বা তারকা হিসাবে কোনও বাড়তি সুবিধা পাননি আমির। সমবেদনাও দেখাননি রিমা। তবে পরবর্তীকালে রিমার পরিচালনায় ‘তলাশ’ ছবিতে কাজ করেন আমির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement