Sudhu Tomari Jonno Serial

দু’দিনে বদলে গেল ‘শুধু তোমারই জন্য’র নায়ক, মাঝপথে কোনও চরিত্র গ্রহণ করা কি কঠিন? কী বললেন নতুন ‘রাহুল’ সায়ন?

ইতিমধ্যেই রাহি, রাহুল আর তিতলির ত্রিকোণ প্রেম দর্শকের নজর কেড়েছে। বহু দিন পরে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের পর্দায় ফেরা নিয়ে আলোচনা ছিল। এরই মধ্যে নতুন নায়কের আগমন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ২১:২১
Share:

‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে কী বললেন সায়ন? ছবি: সংগৃহীত।

পায়ে চোট পেয়ে আপাতত গৃহবন্দি অভিনেতা শুভ্রজিৎ সাহা। তাই ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা। তাঁর পরিবর্তে নায়ক হিসাবে ‘লুকসেট’ হয়েছে অভিনেতা সায়ন বসুর, এ কথা আগেই জানিয়েছিল আনন্দবাজার ডট কম। সেই খবরেই সিলমোহর। বুধবার থেকে রাহুল চরিত্রের শুটিং শুরু করেছেন সায়ন।

Advertisement

ইতিমধ্যেই রাহি, রাহুল আর তিতলির ত্রিকোণ প্রেম দর্শকের নজর কেড়েছে। বহু দিন পরে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের পর্দায় ফেরা নিয়ে আলোচনা ছিল। এরই মধ্যে নতুন নায়কের আগমন। মাঝপথে কোনও চরিত্রকে গ্রহণ করা, সেই চরিত্রের জন্য তৈরি হওয়া কি কঠিন? কেন রাজি হলেন সায়ন?

অভিনেতা বললেন, “প্রথমে এই প্রশ্নটা আমার মনেও এসেছিল। তিন মাস ধরে শুভ্রজিৎ এই চরিত্রে যাপন করেছে। সেখানে আমাকে দর্শকের গ্রহণ করতে অসুবিধা হবে না? এই প্রশ্ন করেছিলাম মিটিংয়ে। তার পরে আলোচনার মাধ্যমে উপলব্ধি করলাম, চরিত্রগুলো দর্শক গ্রহণ করেছে। তিন মাসে ভালবাসাও পেয়েছে, এ কথা ঠিক। কিন্তু একটা চরিত্রের যাত্রা আগামী দিনে কেমন হবে, সেটা তো নির্ভর করবে আমার উপরে। অর্থাৎ যে অভিনয় করছে, তার উপরে।”

Advertisement

শুধু নায়ক নয়, খলনায়কের চরিত্রেও আগে অভিনয় করেছেন সায়ন। অভিনেতা জানালেন, নিজের কাজ নিয়ে পরীক্ষা করতে তাঁর কোনও অসুবিধা নেই। তাই এ ক্ষেত্রেও নিজেকে সেই ভাবেই বুঝিয়েছেন অভিনেতা।

প্রসঙ্গত, শুভ্রজিৎ পায়ের চোট নিয়েও শুটিং করেছিলেন। মে মাসের শেষে অভিনেতার পায়ে বড় চোট লাগে। ডান পায়ের ৬০ শতাংশ লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চার সপ্তাহ বিছানায় থাকতে হবে নায়ককে, এমনটাই জানিয়েছিলেন চিকিৎসক। গত মঙ্গলবার সমাজমাধ্যমে শুভ্রজিৎ লেখেন, “এমআরআই রিপোর্ট হাতে এল, ডাক্তারের কথা শুনে জানলাম পায়ে আরও কিছু জটিলতা তৈরি হয়েছে। এখন পায়ে প্লাস্টার করা হয়েছে। পায়ে প্লাস্টার পড়ার পরেও কয়েক দিন কাজ করেছি। কারণ ‘শুধু তোমারই জন্য’-এর গল্পটা অসম্পূর্ণ রেখে যেতে চাইনি। ডাক্তার কাজ করার অনুমতি দিচ্ছিলেন না, তবুও নিজের শরীরের কথা না ভেবে কাজ করে গিয়েছি। কিন্তু এখন সত্যিই পা আর সঙ্গ দিচ্ছে না।” তার পরেই অভিনেতা সিদ্ধান্ত নেন ধারাবাহিক ছাড়ার। সঙ্গে সঙ্গে নতুন নায়কের খোঁজ শুরু হয়। তার পরেই চূড়ান্ত হন সায়ন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement