মৌবনী সরকার ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া প্রসঙ্গে কী বললেন? ছবি: সংগৃহীত।
কাজ না-পাওয়া নিয়ে রাজ্যে পালাবদলের পরে মুখ খুলেছিলেন অভিনেত্রী মুমতাজ় সরকার। জানিয়েছিলেন, তাঁরাও বেশ কিছু নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। টেকনিশিয়ান স্টুডিয়োয় পাপিয়া অধিকারীর ডাকা বৈঠকেও দেখা গিয়েছিল মুমতাজ় এবং তাঁর দিদি মৌবনী সরকারকে। গত কয়েক বছরে বড়পর্দায় দুই বোনকে যে খুব বেশি দেখা গিয়েছে, তা নয়। এর মধ্যে নতুন ছবির কাজ শুরু করলেন মৌবনী।
তা হলে রাজনৈতিক পালাবদলের পরে কি পরিস্থিতির পরিবর্তন হল? মৌবনী জানালেন, তিনি আগেও অনেক ছবিতে অভিনয় করেছেন,কিন্তু কোনও না কোনও ভাবে সেই ছবিকে চলতে দেওয়া হয়নি বড়পর্দায়। মৌবনী বলেন, “আমার বাবা চাইলে মুম্বই বা ইংরেজি চলচ্চিত্রজগতের কারও না কারও সঙ্গে আমাদের যোগাযোগ তৈরি করিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি। কারণ, আমার নিজের ব্যক্তিত্ব তৈরির প্রয়োজন ছিল।”
বাংলা চলচ্চিত্র ছেড়ে তাই ওড়িয়া ছবিতে এত দিন মন দিয়েছিলেন মৌবনী। অভিনেত্রী বলেন, “আমি ওড়িয়া ছবিতে কাজ করতাম। এই ইন্ডাস্ট্রিতে এমন কোনও ‘বড়’ পরিচালক নেই যে, যাঁর সঙ্গে আমি কফি বা চা খাইনি। সবাই আমার নাম জানেন। কিন্তু তার পরেও তাঁদের কেন আমার নাম মাথায় আসে না, জানি না।”
সদ্য নতুন ছবির কাজ শুরু করেছেন অভিনেত্রী। তাঁর নতুন ছবির নাম ‘তুমি এলে তাই’। ছবিতে মৌবনী ছাড়াও অভিনয় করছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু,ভাস্কর বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে। ইতিমধ্যেই ছবির বেশ কিছু অংশের শুটিং হয়েছে। পরিচালক রত্নাকর কর্মকার। এই ছবিতে রাজনৈতিক ছায়াও কিছুটা রয়েছে, এমনই জানিয়েছেন ছবির নায়িকা।