Pushpita Mukherjee Serial

দু’বছর পরে ছোটপর্দায় ফিরছেন পুষ্পিতা মুখোপাধ্যায়, এত দিন কেন ধারাবাহিক থেকে দূরে ছিলেন তিনি?

তাঁকে শেষ বার দেখা গিয়েছিল ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে। তার পর দু’বছর কেটে গিয়েছে। কেন এত দিন ধারাবাহিকে অভিনয় করেননি পুষ্পিতা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৬:৪৩
Share:

দু’বছর পরে ছোটপর্দায় পুষ্পিতা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’র প্রচার-ঝলক, যে ধারাবাহিকের মাধ্যমে বহু বছর পরে ছোটপর্দায় দেখা যাবে অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়কে। তাঁকে শেষ বার দেখা গিয়েছিল ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে। তার পর দু’বছর কেটে গিয়েছে। কেন এত দিন ছোটপর্দা থেকে দূরে ছিলেন পুষ্পিতা?

Advertisement

অভিনেত্রী বললেন, “খুব যে গুরুতর কোনও কারণ ছিল, তা বলতে পারব না। কখনও চরিত্র পছন্দ হচ্ছিল না। কখনও সময়ের সঙ্গে খাপ খাওয়াতে পারছিলাম না। ছবিতে অল্পবিস্তর অভিনয় করেছিলাম। তবে এখন সবটা সামলে আমি শুধুই কাজে মন দিতে চাই।” অভিনেত্রী জানিয়েছেন, প্রযোজক সাহানা দে তাঁর খুবই ঘনিষ্ঠ। ভাল বন্ধু তাঁরা। আগেও এক বার অনেক দিন অভিনয় থেকে দূরে ছিলেন পুষ্পিতা। সেই সময়েও লেখিকা তথা প্রযোজক সাহানাই আবার অভিনয়ে ফেরার জন্য জোর করেছিলেন অভিনেত্রীকে।

একটি ধারাবাহিকের সেটে পুষ্পিতা ছবি: ফেসবুক।

পুষ্পিতা বললেন, “আমি সাহানাকে ফেরাতে পারি না কিছুতেই। এই বারেও তাই পারিনি। আর এখন আমি পুরো ফ্রি। মন দিয়ে কাজ করব।” অভিনেত্রীর ছেলেও এখন বড় হয়ে গিয়েছে। এত দিন ছেলে ছোট থাকায়, সে দিকটাও নজরে রাখতে হত তাঁকে। তবে এখন সেই দিক থেকে আরও নিশ্চিন্ত পুষ্পিতা।

Advertisement

তিনি যোগ করেন, “ছেলের এখন একাদশ শ্রেণি। আমার বাবা, ছেলে আর স্বামী, তিন জনেই থাকে হরিয়ানায়। ছেলের দায়িত্ব পুরোপুরি বাবার। স্বামী তো ওখানেই চাকরি করেন। আর ছেলের তো দাদু আছে সঙ্গে। এখানে আমি আর আমার শাশুড়ি থাকি। বেশ মজায় আছি। ছুটি পেলে নয় আমি হরিয়ানা যাই, না হলে ওরা চলে আসে। ভাল আছি।”

স্বামীর সঙ্গে পুষ্পিতা। ছবি: ফেসবুক।

কিন্তু দু’বছর রোল-ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে থাকতে কষ্ট হয়নি অভিনেত্রীর? পুষ্পিতা জানান, তাঁর মনখারাপ হত। কিন্তু অপেক্ষা করেছিলেন ভাল চরিত্রের জন্য। নতুন ধারাবাহিকে নায়কের মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। নতুন চরিত্রে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত পুষ্পিতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement