একসঙ্গে একাধিক সম্পর্কে আপত্তি নেই সাহানার! ছবি: সংগৃহীত।
একাধিক সঙ্গীর সঙ্গে একই সময়ে সম্পর্কে থাকা যায়? নিজের প্রেম জীবনের কথা বলতে গিয়ে এই প্রশ্নের উত্তরও দিলেন অভিনেত্রী সাহানা গোস্বামী। তিনি নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, বর্তমানে তিনি একাধিক ‘ওপেন রিলেশনশিপ’-এ রয়েছেন।
একসঙ্গে একাধিক সম্পর্ক রয়েছে ঠিকই। কিন্তু কোনও সম্পর্কই তাঁর কাছে ‘ক্যাজ়ুয়াল’ নয়। সাহানা জানান, কারও কারও সঙ্গে তাঁর দীর্ঘ দিন সম্পর্ক থেকেছে। প্রতিটি সম্পর্কের সমীকরণ ভিন্ন, জানান তিনি। কিছু সম্পর্কে শুধুই বন্ধুত্বপূর্ণ রসায়ন। আবার কিছু কিছু সম্পর্কে শারীরিক ঘনিষ্ঠতা রয়েছে। কিন্তু কোনও সম্পর্ককেই নির্দিষ্ট কোনও নামে বাঁধতে চান না তিনি।
সাক্ষাৎকারে সাহানা বলেন, “এই মুহূর্তে আমার কোনও নির্দিষ্ট এক জন সঙ্গী নেই। আমার জীবনে অনেক মানুষ আছেন, যাঁদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, কিন্তু সেটা ‘ক্যাজ়ুয়াল’ নয়। আমার কাছে কোনও সম্পর্কই গুরুত্বহীন নয়। আমাদের সবারই অনেক বন্ধু থাকে, আর প্রতিটি বন্ধুত্ব আলাদা হয়।”
তিনি আরও বলেন, “আমার কাছে খোলামেলা সম্পর্ক মানে হল, কারও সঙ্গে নির্দিষ্ট কোনও সম্পর্কের নাম নেই। কিন্তু দীর্ঘদিনের একটা বন্ধন ও যোগাযোগ থাকে, যা যে কোনও রূপ নিতে পারে।” কেমন সেই বন্ধুত্ব? অভিনেত্রী বলেন, “কখনও শুধুই বন্ধুত্ব হয়, আবার কখনও শারীরিক সম্পর্কও হতে পারে। সেটাকে জোর করে কোনও নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার দরকার নেই। মূল বিষয় হল, ভালবাসা আর বন্ধুত্ব।”
‘ওপেন রিলেশনশিপ’-এ কোনও প্রতিশ্রুতি থাকে না। যে কেউ যখনই যোগাযোগ বন্ধ করে দিতে পারেন। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আসলে এমনটা হয় না। আমি কারও সঙ্গে এমন করি না। কারণ, এই ধরনের সম্পর্ক হঠাৎ করে সহজে তৈরি হয় না।”
এই ধরনের সম্পর্কে জড়ানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয় বলেও জানান সাহানা। তাঁর কথায, “এখানে পৌঁছোতে হলে নিজের উপর অনেক কাজ করতে হয়। বাইরে থেকে সহজ মনে হলেও নিজের হিংসে, নিরাপত্তাহীনতার সঙ্গে লড়াই করতে হয়।” সাহানার মতে, “আমাদের সমাজে এমন ধারণা গভীর ভাবে গেঁথে গিয়েছে যে, ভালবাসা মানেই এক জন মানুষ সম্পূর্ণ ভাবে শুধু এক জনেরই হয়ে থাকবে। তাই এর বাইরে অন্য ধরনের সম্পর্ক অনেকের কাছেই অস্বস্তিকর মনে হয়।”