Alka Yagnik

হুইলচেয়ারে অলকা যাজ্ঞিক! গায়িকার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ঠিক কী হয়েছে তাঁর? এখন কেমন আছেন?

মঙ্গলবার পদ্মসম্মানে ভূষিত হন অলকা যাজ্ঞিক। অনুষ্ঠানের পরে হুইলচেয়ারে বসিয়ে তাঁকে নিয়ে যেতে দেখা যায়। সেই ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। অলকার স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৫:০১
Share:

কেন হুইলচেয়ারে গায়িকা? ছবি: সংগৃহীত।

অলকা যাজ্ঞিককে নিয়ে উদ্বেগে তাঁর অনুরাগীরা। দু’বছর আগে গায়িকা নিজেই জানিয়েছিলেন যে, তিনি শ্রবণশক্তি হারিয়েছেন। ফলে থমকে গিয়েছে তাঁর কণ্ঠ। তার পরে দীর্ঘদিন আড়ালে ছিলেন তিনি। সম্প্রতি পদ্মসম্মানের অনুষ্ঠানে তাঁকে ফের দেখা যায়। অনুষ্ঠানের পরে তাঁকে হুইলচেয়ারে বসে থাকতে দেখে উদ্বেগে অনুরাগীরা। এখন শারীরিক অবস্থা কেমন, তা নিজেই বিবৃতি প্রকাশ করে জানালেন অলকা।

Advertisement

মঙ্গলবার পদ্মসম্মানে ভূষিত হন অলকা। অনুষ্ঠানের পরে হুইলচেয়ারে বসিয়ে তাঁকে নিয়ে যেতে দেখা যায়। সেই ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। অলকার স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। বৃহস্পতিবার গায়িকা তাঁর বিবৃতিতে অনুরাগীদের প্রথমেই ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে তিনি লিখেছেন, “অনুষ্ঠানের ভিডিয়ো থেকে মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে, তা আমি দেখেছি। তাঁদের সকলকে জানাতে চাই, আমি এখন ঠিক আছি এবং ক্রমশ সুস্থতার দিকে এগোচ্ছি। আসলে পদ্মসম্মানের অনুষ্ঠানে দীর্ঘ ক্ষণ থাকার পরে আমি কান্ত বোধ করছিলাম। তাই বেরোনোর সময়ে একটা হুইলচেয়ারের অনুরোধ জানিয়েছিলাম।”

অনুরাগীদের নিশ্চিন্ত করেছেন অলকা। উদ্বিগ্ন হওয়ার কোনও প্রয়োজন নেই বলেও জানিয়েছেন। তাঁর কথায়, “এখন যথেষ্ট সুস্থ বোধ করছি। সকলের প্রার্থনার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।” পদ্মসম্মান পেয়ে কেন্দ্রীয় সরকারের প্রতিও বিশেষ বার্তা দিয়েছেন অলকা। তিনি লিখেছেন, “মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রক ও সমগ্র ভারত সরকারের প্রতি আমার অশেষ ধন্যবাদ। চলুন, এই আনন্দের মুহূর্ত সকলে মিলে উদ্‌যাপন করি।”

Advertisement

বুধবারও একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছিলেন বর্ষীয়ান শিল্পী। সেখানে তিনি লিখেছিলেন, “প্রায় দু’বছর হল, জনসমক্ষে আসিনি। স্বাস্থ্যজনিত সমস্যার কারণে নিজেকে আড়ালে রেখেছিলাম এবং নিজের ব্যক্তিগত লড়াই সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ করিনি। আপনারা সকলেই জানেন, আমি খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে অনুরাগীদের ভালবাসা, প্রার্থনা, শুভেচ্ছাবার্তা আমাকে এগিয়ে যেতে শক্তি জুগিয়েছে।’’

অলকা জানান, এই সম্মান তাঁর কাছে অত্যন্ত গর্বের। এ-ও জানান, পুরস্কারে হয়তো তাঁর নাম রয়েছে। কিন্তু প্রকৃত অর্থে এই সম্মান তাঁদের সকলের, যাঁরা বছরের পর বছর ধরে তাঁর গান ভালবেসেছেন, প্রজন্মের পর প্রজন্ম তাঁর সুরের মধ্যে থেকেছেন। তাঁদের উদ্দেশেই অলকা বলেন, “সামনে দীর্ঘ পথ পার হতে হবে আমাকে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement