অমীষা পটেল। ছবি: সংগৃহীত।
‘গদর: এক প্রেম কথা’ মুক্তির ২৫ বছর পূর্ণ হয়েছে সম্প্রতি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করা অমীষা পটেল। সম্প্রতি ছবির শুটিংয়ের স্মৃতি ভাগ করে নিয়েছেন। বিশেষ করে প্রয়াত প্রবীণ অভিনেতা অমরীশ পুরীর সঙ্গে একটি দৃশ্য আজও মনে আছে তাঁর। শুটিংয়ের সময়ে থরথর কাঁপছিলেন অমীষা। কিন্তু কেন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে অমীষা বলেন, “আমার অমরীশজির কথা খুব মনে পড়ে। ওঁর জন্য ভয় পেয়েছিলাম, এমন নয়। তিনি অসাধারণ একজন মানুষ ও সহ-অভিনেতা ছিলেন। তাঁর রসবোধ ছিল দারুণ। খুব মজার মানুষ ছিলেন। তাঁর মধ্যে এমন এক ধরনের হাস্যরস ছিল, যা কেউ কখনও ভাবতে পারবে না।” তাহলে কেন থরথরে করে কাঁপছিলেন অভিনেত্রী?
‘গদর’ ছিল অমীষার দ্বিতীয় ছবি। ছবির সেটে প্রথম দিন থেকেই তাঁকে কঠিন একটি দৃশ্যের মুখোমুখি হতে হয়েছিল। তাঁকে প্রথমেই অমরীশ পুরীর সঙ্গে একটি আবেগঘন দৃশ্যে অভিনয় করতে বলা হয়। ছবিতে অমরীশ তাঁর বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। সেই দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা মনে করে অভিনেত্রী বলেন, “‘গদর’-এ আমার প্রথম দৃশ্যই ছিল অমরীশজির সঙ্গে। আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম। আমার সারা শরীর কাঁপছিল। কিন্তু তাঁর সঙ্গে কাজ করা এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। তিনি আমার কাজকে খুব সহজ করে দিয়েছিলেন। তিনি কখনও আমাকে বুঝতে দেননি যে, তিনি এত বড় একজন অভিনেতা আর আমি একজন নতুন শিল্পী।”
এর আগেও ‘গদর’ নিয়ে কথা বলেছিলেন অমীষা। এক সাক্ষাৎকারে অমীষা জানিয়েছিলেন, তাঁকে সানি দেওলের বিপরীতে অভিনয় না করার পরামর্শ দেওয়া হয়েছিল। কারণ, সানি তাঁর থেকে বয়সে অনেক বড় ছিলেন। অভিনেত্রীর মতে, অভিনেতাদের মধ্যে বয়সের ব্যবধান নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। তবে গল্পে সেই ব্যবধানের যুক্তি থাকা দরকার। তাঁর মতে, ‘গদর’-এর গল্প বয়সের সেই ব্যবধানকে যথাযথ ভাবে তুলে ধরেছিল।