শুভাশিস মুখোপাধ্যায়, শ্রীপর্ণা রায়। ছবি: ফেসবুক।
এ বছরের স্বাধীনতা দিবসে প্রথম ছবি আনছেন দেব। পদ্মশ্রী করিমুল হকের জীবন পর্দায় তুলে ধরবেন তিনি। করিমুল সারা দেশে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ নামে খ্যাত। নামভূমিকায় স্বয়ং সাংসদ-অভিনেতা-প্রযোজক। খবর, জোরকদমে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং চলছে উত্তরবঙ্গে। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শুভাশিস মুখোপাধ্যায়কে। থাকবেন শ্রীপর্ণা রায়ও।
শুভাশিস এই মুহূর্তে তাঁর আগামী ছবি ‘ফণিবাবু ভাইরাল’-এর প্রচারে ব্যস্ত। ছবির গল্প তাঁকে ঘিরেই। আনন্দবাজার ডট কম তাঁকে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’য় অভিনয় প্রসঙ্গে জিজ্ঞাসা করায় অভিনেতা মুখ খোলেননি। তবে সূত্রের খবর, অভিনেতাকে ‘পুরোহিত’-এর ভূমিকায় দেখা যাবে। রবিবার তিনি পৌঁছে যাবেন শিলিগুড়িতে। সেখানে দেবের সঙ্গে তাঁর কিছু দৃশ্যের শুটিং আছে। ফের কলকাতায় দেব-শুভাশিসের শুটিং হবে আর একপ্রস্ত।
একই ভাবে জানা গিয়েছে, আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে শ্রীপর্ণাকে। অভিনেত্রী এর আগে দেবের ‘প্রজাপতি ২’তে অভিনয় করেছেন। আগের ছবিতেও ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সাংসদ-অভিনেতা পার্থ ভৌমিকের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর চরিত্র সম্বন্ধে জানতে শ্রীপর্ণার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তিনি ফোনে সাড়া দেননি।
দেবের বিপরীতে রুক্মিণী মৈত্র। ছবি: ফেসবুক।
এঁরা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন ইন্দ্রাশিস রায়, ওএসডি অলোক সান্যাল। দীর্ঘ সময় পরে এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে।