বিতর্কে আয়ুষ্মান, সারা ও রকুল! ছবি: সংগৃহীত।
আসন্ন ছবি ‘পতি পত্নী অউর ওহ দো’-এর প্রচার নিয়ে ব্যস্ত আয়ুষ্মান খুরানা, রকুল প্রীত ও সারা আলি খান। বিভিন্ন জায়গায় প্রচার করছেন তাঁরা। এর মধ্যেই বিতর্কে জড়ালেন তাঁরা। চোখের সামনে ‘অন্যায়’ দেখেও চুপ করে রইলেন তাঁরা?
মুম্বইয়ের রাস্তায় বড়া পাও খেতে খেতে ছবির প্রচার করছিলেন আয়ুষ্মান, সারা ও রকুল। সেই সময়ে নাকি তাঁরা নেটপ্রভাবী সিদ্ধার্থ আলম্বায়নকে ‘অপমান’ করেছেন। এমনই অভিযোগ উঠেছে তারকাদের বিরুদ্ধে।
সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যায়, ‘পতি পত্নী অউর ওহ দো’ ছবির প্রচারের জন্য আয়ুষ্মান, রকুল, সারার সঙ্গে মুম্বইয়ের রাস্তায় খাবার খাচ্ছিলেন সিদ্ধার্থ। সেই সময়ে উপস্থিত ছবিশিকারিরা সিদ্ধার্থকে উদ্দেশ করে চেঁচিয়ে ওঠেন। তিন তারকার পাশ থেকে তাঁকে রূঢ় ভাবেই সরে যেতে বলেন। এমনকি তাঁর নাম সম্বোধন করে ‘এই এই’ করে ডাকতে থাকেন। কেউ কেউ সিদ্ধার্থকে বিদ্রুপ করে ‘বড়া পাও’ বলেও ডাকেন। এক ছবিশিকারি বলে ওঠেন, “এই বড়া পাওটাকে সরাও এখান থেকে।”
এই সব শুনে আয়ুষ্মান, সারা ও রকুলের সামনে দাঁড়িয়েই প্রতিবাদ করেন সিদ্ধার্থ। বিরক্ত হয়ে বলেন, “ভাল ভাবে বলুন ভাই, এ ভাবে চিৎকার করবেন না।” ঠিক ভাবে কথা বলতে বলেন তিনি। কিন্তু নির্বিকার থাকেন তারকারা। বরং তাঁরা এ সব দেখে হাসতে থাকেন।
ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকে প্রশ্ন তোলেন, কেন ঘটনাস্থলে উপস্থিত তারকারা সিদ্ধার্থের পাশে দাঁড়ালেন না? একজন লেখেন, “আয়ুষ্মান, রকুল আর সারা কেন কিছু বললেন না?” তারকারা এই আচরণের জন্য কটাক্ষের মুখে পড়ছেন।
উল্লেখ্য, ‘পতি পত্নী অউর ওহ দো’ ছবিটি ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবিতে রয়েছেন ওয়ামিকা গব্বীও।