Papiya At Technicians Studio

রাতে অভিনেত্রীদের বাড়িতে পৌঁছে দিতে হবে, গঙ্গাজলে ফেডারেশনের অফিস শুদ্ধ করে বললেন পাপিয়া

“বিশ্বাস ব্রাদার্স-এর জমানা শেষ। আপনারা খোলা হাওয়ায় শ্বাস নিন”, টেকনিশিয়ান স্টুডিয়োয় সংবর্ধনা নিতে এসে হুঙ্কার টালিগঞ্জের জয়ী প্রার্থী পাপিয়ার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৩:২৪
Share:

কলাকুশলীদের মাঝে নেত্রী-অভিনেত্রী পাপিয়া অধিকারী। নিজস্ব চিত্র।

জিতে ফিরে চওড়া হাসি হেসে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে টলিউডের ভাল-মন্দ দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ বিশ্বাসকে বড় ব্যবধানে হারিয়ে টেকনিশিয়ান স্টুডিয়োয় বড় ঘোষণা পাপিয়া অধিকারীর। টালিগঞ্জে বিজেপির বিধায়ক-অভিনেত্রী বললেন, “শুট শেষ হতে রাত হয়ে গেলে অভিনেত্রীদের গাড়ি করে পৌঁছে দিতে হবে। শিল্পী এবং কলাকুশলীদের কলটাইম জানাতে হবে তিন দিন আগে।”

Advertisement

এ দিন পাপিয়া পা রাখেন স্টুডিয়োর অন্দরে ফেডারেশনের অফিসে। বোতলে করে আনা গঙ্গাজল ছেটান সারা ঘরে। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, “শুদ্ধিকরণ করব বলেই গঙ্গাজল এনেছিলাম। এ বার শুদ্ধ হল চারপাশ।”

বুধবার টেকনিশিয়ান স্টুডিয়োয় পাপিয়াকে সংবর্ধনা জানান কলাকুশলীরা। উপস্থিত ছিলেন ভেন্ডার গিল্ডের সম্পাদক সৈকত দাস-সহ সমস্ত গিল্ডের সম্পাদক এবং সদস্যরা। পাপিয়া দীর্ঘ সময় এঁদের সঙ্গে কাজ করেছেন। তাঁদের থেকে শুভেচ্ছা, ভালবাসা পেয়ে স্বাভাবিক ভাবেই তিনি আপ্লুত। এ দিন বক্তব্য পেশ করতে উঠে প্রথমেই বললেন, “বিশ্বাস ব্রাদার্স-এর জমানা শেষ। অরূপ এবং স্বরূপ বিশ্বাসের ‘দাদাগিরি’ আর থাকবে না। কারও কোনও ভয় নেই। আপনারা খোলা হাওয়ায় শ্বাস নিন।” পাপিয়ার এই বক্তব্যে চওড়া হাসি উপস্থিত কলাকুশলীদের।

Advertisement

সৈকত আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, এ দিন কলাকুশলীরা কথা বলেন পাপিয়ার সঙ্গে। দীর্ঘ দিন ধরে তাঁদের সঙ্গে ঘটে চলা অন্যায়ের কথা বলেন। অনেকে কাজ না পেয়ে চুপ করে বাড়িতে বসে। অর্থের অভাবে সংসার চলছে না। এই অভাব-অভিযোগের কথাও জানান তাঁরা। পাপিয়া প্রত্যেককে আশ্বস্ত করে বলেন, “আরও বেশি করে কাজ যাতে টলিউডে হয় এবং আসে, সেই চেষ্টাই করা হবে। সবাই কাজ পাবেন। ‘ব্যান’ সংস্কৃতি আর থাকবে না। কারও কাজ কেড়ে নেওয়া যাবে না। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করে টলিউডের আবার গৌরব আবার ফিরিয়ে আনতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement