Bollywood News

একটানা ছবির শুটিং, হঠাৎ বুকে অস্বস্তি! হাসপাতালে নৃত্যশিল্পী বস্‌কো, কী হয়েছে তাঁর?

সম্প্রতি এসএস রাজামৌলী পরিচালিত, মহেশ বাবু ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘বারাণসী’ ছবির শুটিং সেট থেকেও বস্‌কোর একটি ছবি দেখা গিয়েছে। তা নিয়ে অনুরাগীদের উৎসাহ ছিল তুঙ্গে। সেই আবহেই তাঁর অসুস্থতার খবর সামনে আসায় উদ্বেগ বেড়েছে চলচ্চিত্রমহলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১২:৪৫
Share:

আচমকা অসুস্থ হয়ে পড়েছেন নৃত্যশিল্পী বস্‌কো। ছবি: সংগৃহীত।

একটানা কাজ করছিলেন বলিউডের পরিচিত নৃত্য পরিচালক বস্‌কো লেসলি মার্টিস। আচমকাই শরীরে অস্বস্তি অনুভব করেন তিনি। তড়িঘড়ি বস্‌কোকে হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

সূত্রের খবর, গত এক সপ্তাহ মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে। ঘনিষ্ঠ সূত্রের খবর, একটানা ছবির শুটিংয়ের মাঝে গত ২৭ জুন শারীরিক অসুস্থতা অনুভব করেন তিনি। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক ভাবে সব রকম শারীরিক পরীক্ষা করানো হয়। কিন্তু রিপোর্টে বড় কোনও জটিলতার ইঙ্গিত মেলেনি। যদিও আরও কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে।

হাসপাতালে বস্‌কো। ছবি: সংগৃহীত।

সব স্বাভাবিক থাকলে আগামী দু’এক দিনের মধ্যেই শিল্পীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, হাসপাতালে ভর্তি হওয়ার আগে টানা একাধিক ছবির কাজে ব্যস্ত ছিলেন তিনি। সেই ব্যস্ততার মধ্যেই শারীরিক অস্বস্তি বাড়তে থাকে। শেষ পর্যন্ত চিকিৎসকদের পরামর্শে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। যদিও এখনও পর্যন্ত বস্‌কো বা তাঁর পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ঘনিষ্ঠ মহলের দাবি, চিকিৎসায় তিনি ইতিবাচক সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

Advertisement

এরই মধ্যে সমাজমাধ্যমে, নৃত্যশিল্পীর একটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে হাসপাতালে শয্যাশায়ী তিনি। সে ছবি দেখেই উদ্বেগ ছড়ায় অনুরাগীদের মধ্যে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে পাঠানো শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে সমাজমাধ্যম। বলিউডের একাধিক অভিনেতা, পরিচালক, কোরিওগ্রাফার এবং সহকর্মীরাও তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ভারতীয় চলচ্চিত্রে কোরিওগ্রাফারদের মধ্যে বস্‌কো লেসলি মার্টিস অন্যতম। সিজ়ার গনসালভেসের সঙ্গে বস্‌কো জুটি হিসেবে তিনি বলিউডকে উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় নৃত্যপরিকল্পনা। শাহরুখ খান, হৃতিক রোশন, সলমন খান, রণবীর কপূর, রণবীর সিংহ-সহ প্রথম সারির প্রায় সব তারকার ছবিতেই তাঁদের কোরিওগ্রাফি দর্শকের মন জয় করেছে। পাশাপাশি একক কোরিওগ্রাফার হিসাবেও বস্‌কো নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন।

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও তাঁর দীর্ঘদিনের পেশাগত সম্পর্ক রয়েছে। প্রিয়াঙ্কার বহু ছবির গানের নৃত্যপরিকল্পনা করেছেন তিনি। সম্প্রতি এসএস রাজামৌলী পরিচালিত, মহেশ বাবু ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘বারাণসী’ ছবির শুটিং সেট থেকেও বস্‌কোর একটি ছবি দেখা গিয়েছে। তা নিয়ে অনুরাগীদের উৎসাহ ছিল তুঙ্গে। সেই আবহেই তাঁর অসুস্থতার খবর সামনে আসায় উদ্বেগ বেড়েছে চলচ্চিত্রমহলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement