Satluj removed from OTT

মুক্তির দু’দিনেই তুলে নেওয়া হল দিলজিৎ দোসাঞ্জের ‘সতলুজ’! ভারতে আপাতত বন্ধ প্রদর্শন

মুক্তি পেয়েছিল শুক্রবার। দু’দিনের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল বিতর্কিত ছবি ‘সতলুজ’। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ছবির প্রদর্শন বন্ধ থাকবে জানিয়েছেন ওটিটি কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ২৩:০০
Share:

ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হল দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘সতলুজ’। ছবি:সংগৃহীত।

শুরু থেকেই বিতর্ক ছিল। দীর্ঘ তিন বছর ধরে ছবির প্রদর্শন নিয়ে সেন্সর বোর্ডের সঙ্গে টানাপড়েনের শেষে দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘পঞ্জাব ৯৫’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ‘সতলুজ’ নামে। তবে অজানা কারণে শেষ পর্যন্ত ছবিটির প্রদর্শন বন্ধ হয়ে গেল ভারতে। ৩ জুলাই ‘জ়ি ফাইভ’ ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পায়। দু’দিনের মাথায়, রবিবার সেটি সরিয়ে নেওয়া হল।

Advertisement

ওটিটি প্ল্যাটফর্মের তরফে জানানো হয়েছে, ‘বর্তমান পরিস্থিতি’র কথা মাথায় রেখে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ‘সতলুজ’ দেখানো সম্ভব হচ্ছে না। পাশাপাশি জানানো হয়েছে, দর্শকদের কথা ভেবে, সম্ভাব্য পথ খুঁজে ছবিটি প্রদর্শনের সমস্ত রকম চেষ্টাও জারি থাকবে।

পঞ্জাবের প্রেক্ষাপটে এই ছবিটি যশবন্ত সিংহ নামে প্রাক্তন এক ব্যাঙ্ক ম্যানেজার তথা এক মানবাধিকার কর্মীর জীবনকে কেন্দ্র করে তৈরি। শুরু থেকেই ছবিটি নিয়ে বিতর্ক তৈরি হয়। ২০২২ সালে তৈরি হওয়ার পরে ছবিটির বিভিন্ন দৃশ্য নিয়ে আপত্তি জানায় সেন্সর বোর্ড। পরিচালক হানি ত্রেহানের অভিযোগ, সেন্সর বোর্ড ১২৭টি দৃশ্য ছেঁটে দেওয়ার নির্দেশ দিয়েছিল। ২০২৩ সালে কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ‘প্রিমিয়ার’ হওয়ার কথা থাকলেও, সরকারি আপত্তিতে শেষ মুহূর্তে ছবির প্রদর্শন বন্ধ হয়ে গিয়েছিল।

Advertisement

এই ছবির গল্প প্রাক্তন এক ব্যাঙ্ক ম্যানেজার তথা মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালরার জীবন থেকে অনুপ্রাণিত। তিনি পঞ্জাবে ১৯৯০-এর দশকে ২৫ হাজারেরও বেশি শিখ যুবকের নিখোঁজ ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা সামনে এনেছিলেন। ১৯৯৫ সালে তাঁকে অপহরণ করে হত্যা করা হয়। এই মামলায় পরে ছ’জন পুলিশ অফিসার দোষী সাব্যস্ত হন। ছবিটি মুক্তির আগে সেন্সর বোর্ড প্রায় ১২৭টি কাটের নির্দেশ দিয়েছিল।

দিলজিৎ জানান, যশবন্ত সিং খালরার মানবিক অবদানের জন্যই তিনি এই ছবিটি বেছে নিয়েছিলেন। তাঁর মতে, এই চরিত্রে অভিনয় করাটা তাঁর কেরিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা।

ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। এ ছাড়াও, ছবিতে অভিনয় করেছেন অর্জুন রামপাল, কানওয়ালজিৎ সিংহ, সুখবিন্দর ভিকি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement