পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের কি খোঁজ পাওয়া গেল? ছবি: সংগৃহীত।
বৃহস্পতিবার দুপুর থেকে খোঁজ নেই পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। রাতেই আনন্দপুর থানায় অভিযোগ জানিয়েছেন তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে কি খোঁজ পাওয়া গেল পরিচালকের? শুক্রবার সকালে আবার আনন্দপুর থানায় গিয়েছিলেন তিনি। কিছু কি জানতে পেরেছেন মৌপিয়া?
আনন্দবাজার ডট কম-কে তিনি বলেন, “এখনও কিছুই বুঝতে পারছি না। মানুষটা হঠাৎ কোথায় গেল এ ভাবে! এখনও কোনও খোঁজ নেই। কেউ ফোনও করেনি। থানা থেকে জানিয়েছে, খোঁজ চলছে। ব্যাঙ্কেও খোঁজ নিতে পারছি না, কারণ ‘গুড ফ্রাই়ডে’-র ছুটি রয়েছে। তাই সেখানে যেতে পারছি না। গতকাল (বৃহস্পতিবার) ও ব্যাঙ্ক থেকে ৪০ হাজার টাকা তুলেছিল। সেটা তুলতেই পারে, ওর ব্যক্তিগত ব্যাপার। উৎসব ফিরে আসুক, এটাই সবাই যেন এখন প্রার্থনা করেন। আর কী করব ভেবে পাচ্ছি না।”
এরই মধ্যে উঠে এসেছে সাইবার ক্রাইম সংক্রান্ত সমস্যার কথাও। পরিচালকের স্ত্রী জানিয়েছিলেন, উৎসবের সমাজমাধ্যমের পাতায় অনেক দিন ধরে উল্টোপাল্টা কাণ্ড হচ্ছিল, যা নিয়ে খুব বিরক্ত ছিলেন উৎসব। এই বিষয় নিয়ে সম্প্রতি অভিযোগও জানিয়েছিলেন তাঁরা। বাবার সদ্য প্রয়াণও উৎসবের মনে প্রভাব ফেলেছিল। কিন্তু, তার ফল এমন হতে পারে না বলেই ধারণা মৌপিয়ার। তিনি জানিয়েছেন, নিজের ল্যাপটপ নিয়ে বেরিয়েছিলেন উৎসব।
পরিচালক ইতিমধ্যে বেশ কিছু ছবি পরিচালনা করেছেন। অনেক ছবির চিত্রনাট্য লিখেছেন। ‘জ়ি ফাইভ’-এর বেশ কিছু ওয়েব সিরিজ় লিখেছেন তিনি। ‘বরুণবাবুর বন্ধু’, ‘ভবিষ্যতের ভূত’- সহ বেশ কিছু ছবির চিত্রনাট্যের লেখক তিনি। এ ছাড়া ‘হাফ সিরিজ়’, ‘ভালবাসার শহর: সর্ষে ইলিশ’ এবং ‘ভীতু’-সহ বেশ কিছু সিরিজ় পরিচালনাও করেন তিনি।