(বাঁ দিকে) করিনা কপূর, (ডান দিকে) সইফ আলি খান। ছবি: সংগৃহীত।
২০১২ সালে বিয়ে করেন সইফ আলি খান ও করিনা কপূর। দু’জনের মধ্যে প্রায় ১০ বছরের পার্থক্য। তাঁদের দাম্পত্যের বয়স প্রায় ১৫ বছর। ‘টশন’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে করিনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সইফ। বেশ কয়েক বছর একসঙ্গে থাকার পরে বিয়ে সারেন। তাঁদের দুই সন্তানও রয়েছে। সইফকে বিয়ে করার পরে রোজা রাখতে শুরু করেছেন অভিনেত্রী?
সইফ জীবনে আসার আগে, একটা লম্বা সময় শাহিদ কপূরের সঙ্গে সম্পর্কে ছিলেন করিনা। শাহিদের জন্য নাকি মাংস ছেড়ে নিরামিষাশী হয়েছিলেন। অতীতে করিনা জানিয়েছিলেন, তিনি যাঁকে ভালবাসেন, তাঁর পছন্দ-অপছন্দের প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। তাই সইফকে বিয়ে করার পরেও কি এমন কোনও বদল আনলেন নিজের জীবনে? এক সাক্ষাৎকারে রোজা রাখা নিয়ে প্রশ্ন করা হলে তা সপাট নাকচ করেন করিনা। অভিনেত্রী নাকি দুধ দেওয়া চা খেতে ভীষণ ভালবাসেন। সেই সঙ্গে সপ্তাহে অন্তত এক বার মুখরোচক খাবার চাই তাঁর। তা যদি হয় চিনা খাবার, তা হলে তো কথাই নেই! তাই রমজানের উপোস রাখার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘আমি ২৪ ঘণ্টাই খাবার খাই। তাই রোজা রাখার প্রশ্নই ওঠে না!’’