সুনীতাকে নিয়ে মুখ খুললেন গোবিন্দ। ছবি: সংগৃহীত।
গত দেড় বছরে একাধিক বার গোবিন্দের পরকীয়ার গুঞ্জন শোনা গিয়েছে। স্ত্রী সুনীতা আহুজা নিজেই গোবিন্দের প্রেমজীবন নিয়ে নানা সময়ে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। সম্প্রতি সুনীতা বলেন যে, গোবিন্দ নাকি তাঁর মতো বুক ঠুকে সত্যিটা বলতে পারে না। এই দেড় বছরে গোবিন্দকে একাধিক বার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সুনীতা, তবু নীরব ছিলেন গোবিন্দ। এ বার পাল্টা উত্তর দিলেন তিনিও।
গোবিন্দের দীর্ঘ দিনের নায়কজীবনে একাধিক নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন শুনেছেন সুনীতা। কিন্তু স্বামীর পরকীয়াকে নাকি কখনও ভয় পাননি তিনি। সুনীতার কথায়, ‘‘আগেও অনেক কিছু শুনেছি। কিন্তু, শাশুড়ির মৃত্যুর পর থেকে ভয়ে থাকি। কারণ, গোবিন্দের এখন আর কোনও পিছুটান নেই। এখন কাউকে ভয় পায় না।’’ শুধু তা-ই নয়। সুনীতা জানান, গোবিন্দের আশেপাশে মেয়েরা তাঁকে ভালবেসে আসেন না, বরং তাঁর পয়সা চায়। এমনকি সুনীতা এ-ও জানান, গোবিন্দ যদি নিজেকে শুধরে নেন, তা হলে তিনি সব ভুলে যেতে রাজি। যদিও স্ত্রী সুনীতার নানাবিধ মন্তব্য প্রসঙ্গে গোবিন্দকে প্রশ্ন করলে অভিনেতা বলেছেন, ‘‘ওর মন সরল। সেই কারণে নানা কথা বলে থাকে। যার ফলে অসুবিধায় পড়তে হয়।’’
প্রতিবারই স্ত্রীর প্রতি স্নেহসুলভ আচরণ প্রদর্শন করেন গোবিন্দ। কিন্তু, এ বার যেন খানিকটা আক্রমণাত্মক তিনি। অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আসলে যখন কেউ নিজের কষ্টের কথা প্রকাশ্যে বলেন, অথচ চোখেমুখে তাঁর ঔজ্বল্য থাকে— তখনই সন্দেহ হয় যে, তিনি কিছু লুকোচ্ছেন। কেউ কেউ হয়তো সৎ হতেই পারেন, কিন্তু তাঁদের আনুগত্য অন্য জায়গায়। আসলে আমি মুখ খুললে অনেকেই বিব্রত হতে পারেন। আমি তেমন মানুষ নই, যে সেটা করব।’’