Ahona Dutta

‘অনুরাগের ছোঁয়া’ থেকে ‘তারে ধরি ধরি মনে করি’, একটানা খলনায়িকা হয়ে কি ক্লান্ত অহনা? কী জবাব অভিনেত্রীর?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৮:২০
Share:

কী অনুভূতি অহনার? ছবি: সংগৃহীত।

ধারাবাহিকে অভিনয় করা মানে দিনের প্রায় অর্ধেকটা সময়ই দিয়ে দিতে হয় স্টুডিয়োয়। যার ফলে অনেক সময়েই ভাল কাজও হাতছাড়া হয়ে যায় অভিনেতাদের। আবার ছোটপর্দায় কাজ করলে অনেক সময়েই অভিনেতাদের কাছে পর পর একই ধরনের চরিত্রের প্রস্তাব আসে। ফলে ‘টাইপকাস্ট’ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। যেমন, এখনও পর্যন্ত তিনটি কাজেই নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী অহনা দত্তকে।

Advertisement

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় যাত্রা শুরু করেন অভিনেত্রী। সেখানে তাঁর অভিনীত মিশকা চরিত্রটি খলনায়িকা হিসাবে খুবই জনপ্রিয়তা পায়। তার পরে রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ ছবিতেও নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এখন ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকেও দাপুটে খলনায়িকা তিনি।

একের পর এক নেতিবাচক চরিত্রে কি বিরক্ত অহনা? অভিনেত্রী বললেন, “আমাদের কি এত বেছে কাজ করার সুযোগ আছে? অনেকেই ভাববেন একঘেয়েমি। কিন্তু, আমি একেবারেই ওই ভাবে ভাবছি না এখন। কারণ, এখন আমার কর্মজীবনের শুরু। এখন সুযোগ পেলেই তা লুফে নিতে হবে। তাই যেমনই পাই না কেন, সেটাকে ফেরাতে রাজি নই। আমি উপভোগ করছি। প্রথমে এক বার ভেবেছিলাম, পর পর আমি খলনায়িকাই হচ্ছি! কিন্তু তার পরে চিন্তা করে দেখলাম, মিশকা আর কুন্তলিনী একে বারে আলাদা। তাই এখন আর বিরক্তি আসে না।”

Advertisement

মেয়ে হওয়ার চার মাস পরেই নতুন কাজ শুরু করেন অহনা। তাই শুটিংয়ে দুটো দৃশ্যের ফাঁকে একটু সময় পেলেই, একরত্তির সঙ্গে দেখা করতে বাড়ি চলে যান। সদ্য ঘটা করে মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান হয়েছে। ফলে এখন স্তন্যপানের অভ্যাস কিছুটা কমেছে তাঁর মেয়ের। তাই আরও খানিকটা নিশ্চিন্ত অহনা। তাঁর স্বামী দীপঙ্কর রায় পেশায় রূপটানশিল্পী। তিনি তাই চেষ্টা করছেন নিজেদের কাজকে সেই ভাবে ভাগ করে নিতে। যাতে মেয়েকে অনেকটা সময় দিতে পারেন। অহনা এখন তাই যে কোনও সুযোগই গ্রহণ করতে প্রস্তুত। পরবর্তীতে চরিত্র বাছাই করে কাজের কথা ভাববেন, জানান অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement