Again Rumours Against Jeetu Kamal

‘এরাও মানুষ’-এর শুটিং আটকে, ব্যস্ততায় সময় নেই নায়ক জীতুর! নির্দিষ্ট দিনে ছবিমুক্তি ঘটবে?

টলিউডের অন্দরের খবর, গত এক মাসেরও বেশি সময় ধরে নাকি আটকে ছবির কাজ। দুটো গান ছাড়াও ছবির কয়েকটি টুকরো দৃশ্যের কাজ বাকি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৬
Share:

ফের কাঠগড়ায় জীতু কমল? ছবি: ফেসবুক।

কথা ছিল, শুটিং নির্দিষ্ট সময়ে শেষ হলে পয়লা বৈশাখ মুক্তি পেতে পারে সাঁই প্রকাশের দ্বিতীয় প্রযোজনা ‘এঁরাও মানুষ’। টলিউডের অন্দরের খবর, সেটি নাকি হচ্ছে না। ছবির দুটো গান-সহ কিছু দৃশ্যের শুটিং বাকি। এ-ও শোনা যাচ্ছে, অতি ব্যস্ততার কারণে নাকি সময় দিতে পারছেন না ছবির নায়ক জীতু কমল।

Advertisement

আলোচনার কিন্তু এখানেই শেষ নয়। টলিপা়ড়ার খবর অনুযায়ী, গত এক মাসেরও বেশি সময় ধরে নাকি শুট আটকে রয়েছে। জীতু ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ নায়কের ভূমিকায় অভিনয় করছেন। ছোটপর্দার শুটিং প্রত্যেক দিন হয়। এ ছাড়া পেশার কারণে ফ্যাশন শুট এবং নানা অনুষ্ঠানেও উপস্থিত থাকতে হয় তাঁকে। ফেব্রুয়ারির মাঝামাঝি তিনি অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছবি ‘চোর’-এর শুটিং শুরু করবেন। এই ছবি দিয়ে দীর্ঘ সময় পরে পরিচালনায় ফিরছেন অগ্নিদেব। তাঁর ছবিতেও জীতু নায়ক। সব মিলিয়ে দম ফেলার ফুরসত কই?

এ দিকে, ছবির প্রযোজক এবং পরিচালক নাকি নিয়মিত কথা বলছেন নায়কের সঙ্গে। তবু সময়ের সমস্যা মিটছে না।

Advertisement

টলিপাড়ায় সমস্যা সৃষ্টি হলে ফেডারেশনের কানে সে খবর পৌঁছোয়। শোনা যাচ্ছে, বিষয়টি সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাসেরও নাকি অজানা নয়। সত্যিই কি এ রকম কিছু ঘটেছে? প্রকৃত ঘটনা জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল ফেডারেশন সভাপতির সঙ্গে। স্বরূপের কথায়, “অফিশিয়ালি না জানলেও বিষয়টি কানে এসে। শুনেছি, তারিখ পেতে সমস্যা হচ্ছে ছবির প্রযোজক-পরিচালকদের। সেই সময়ে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নায়িকা-বদল হচ্ছিল। সব মিলিয়েই নাকি তিনি সময় দিতে পারছিলেন না।” ফেডারেশন সভাপতি এ-ও জানান, সেই সময়ে ফেডারেশনের পক্ষ থেকে জীতুকে সময় দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।

প্রযোজক সাঁই প্রকাশ, পরিচালক অমিত তালুকদার কি তা হলে শুটিং শেষ করতে পেরেছেন? প্রশ্ন করা হয়েছিল তাঁদেরও। “আমি কলকাতার বাইরে। বিষয়টি সম্পর্কে সবিস্তার জানি না। ফলে, না জেনে কিছু বলতে পারব না”, বক্তব্য প্রযোজকের। পরিচালক বিষয়টি এড়িয়ে যাননি। তিনি বলেছেন, “দুটো গান-সহ কয়েকটি দৃশ্যের শুটিং এখনও বাকি। তারিখের জন্য জীতুর পাশাপাশি অন্যান্য অভিনেতা এবং টেকনিশিয়ানদের সঙ্গেও কথা চলছে। আশা, শীঘ্রই ছবির কাজ শেষ করতে পারব।”

আরও খবর, মঙ্গলবার নাকি বিষয়টি নিয়ে আলোচনার জন্য ফেডারেশন ডাকতে পারে জীতুকে। এ প্রসঙ্গেও বক্তব্য জানিয়েছেন স্বরূপ। ফেডারেশন সভাপতির কথায়, “প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিষয়টি অফিশিয়ালি জানালে অবশ্যই পদক্ষেপ করা হবে।” পরিস্থিতি বলছে, আবারও সমালোচনার কেন্দ্রে জীতু! এ প্রসঙ্গে তিনি কী বলছেন? জীতু শুটিংয়ে ব্যস্ত। ফোনে তাঁকে পাওয়া যায়নি। আপ্তসহকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাফ জানিয়েছেন, যা বলার জীতুই বলবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement