সঞ্জয়ের সম্পত্তি সংক্রান্ত মামলায় স্বস্তি করিশ্মার সন্তানদের,প্রতিক্রিয়া করিনার। ছবি: সংগৃহীত।
করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের মৃত্যুর পর তাঁর প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে টানাপড়েন চলছে। তাঁর এই বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী কে হবেন তা নিয়ে শুরু হয় বিবাদ। দাবিদারদের মধ্যে রয়েছেন সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া কপূর, মা রানি কপূর ও দ্বিতীয় স্ত্রী করিশ্মা কপূরের দুই সন্তান সামারা ও কিয়ান। যদিও সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সম্পত্তি অধিকার অন্য কাউকে দিতে নারাজ। তিনি যেমন মামলা করেছেন, তেমনই সৎমা প্রিয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন করিশ্মার দুই সন্তানও। এর প্রেক্ষিতে বড় রায় দিল আদালত।
আগেই করিশ্মার দুই সন্তান দাবি করেছেন, প্রিয়া তাঁদের বাবার সম্পত্তি জাল করেছেন। জালিয়াতি করে বানানো নতুন উইলে সম্পত্তি নিয়ে স্পষ্ট তথ্য দেননি। সঞ্জয়ের জমি বাড়ি ও তাঁর সংস্থা ছাড়াও ছিল দামি দামি ঘোড়া। ছিল বহুমূল্যের সব ঘড়ি, যেগুলির বাজারমূল্য কয়েক লাখ, কয়েকটি আবার কোটির ঘরে। সম্পত্তি সংক্রান্ত নথিতে এই ধরনের জিনিসের কোনও উল্লেখ করেননি প্রিয়া। যখন উইলটি বানানো হয় সেই সময় এক বারও করিশ্মার দুই সন্তানকে দেখানোর প্রয়োজন পর্যন্ত মনে করেননি প্রিয়া।
কিয়ান ও সামারার এই অভিযোগের ভিত্তিতে রায় দিল দিল্লির উচ্চ আদালত। রায়ে জানানো হয়, সঞ্জয়ের বিদেশের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ রাখা হবে। ওই অ্যাকাউন্টগুলি থেকে কোনও রকমের আর্থিক লেনদেন করতে পারবেন না প্রিয়া। এই রায় করিশ্মার দুই সন্তানকে যে স্বস্তি দিয়েছে তা বলাই বাহুল্য। এই রায় প্রকাশের পর বোন করিনা সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দিয়ে লেখেন, ‘‘আশার আলো, বিচার আমরা পাবই। সত্য প্রকাশ্যে আসবে।’’