Kriti Sanon

পাওয়া কাজ শেষ মুহূর্তে হারান! কী ভাবে বলিউডের স্বজনপোষণের সঙ্গে লড়াই করেছেন কৃতি সেনন?

কর্মজীবনের শুরুতে বলিউডের স্বজনপোষণ ও ‘নেপোটিজ়ম’-এর শিকার হয়েছেন তিনি। দীর্ঘ দিন খারাপ সময়ের মধ্যে কাটিয়েছেন কৃতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১৫:২২
Share:

নিজের একটি ভুলের কথাও জানান কৃতি। ছবি: সংগৃহীত।

কোনও তারকা পরিবারের হাত নেই তাঁর মাথার উপর। নিজের যোগ্যতায় বলিউ়ডে জায়গা তৈরি করেছেন কৃতি সেনন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলাখুলি জানিয়েছেন, কর্মজীবনের শুরুতে বলিউডের স্বজনপোষণের শিকার হয়েছেন তিনি।

Advertisement

বহু বার এমন হয়েছে, যখন প্রায় নিশ্চিত হওয়া চরিত্রের কাজও শেষ পর্যন্ত হাতছাড়া হয়েছে। সেই চরিত্রে পরে অভিনয় করেছেন কোনও তারকাসন্তান। কৃতি জানান, ‘মিমি’ ছবিতে অভিনয়ের আগে তাঁর জীবনে কঠিন একটা সময় এসেছিল। তিনি আরও ভাল কাজ করতে চাইলেও সেই সুযোগ পাচ্ছিলেন না। কোনও চরিত্র নিয়ে কথাবার্তা এগোলেও পরে তা হাতছাড়া হয়ে যেত। অভিনেত্রীর কথায়, “চলচ্চিত্র পরিবার থেকে বলিউডে না এলে অনেক বেশি অনিশ্চয়তা থাকে। প্রতিটি সুযোগের জন্য লড়াই করতে হয়। আমি জীবনে যা পেয়েছি, সবটাই নিজের পরিশ্রমে অর্জন করেছি। আমাকে কিছুই সহজে দেওয়া হয়নি।”

কৃতি আরও জানান, কর্মজীবনের পথে তিনি ভুলও করেছেন। কখনও বাইরের মানুষের পরামর্শ শুনে এমন কিছু ছবি বেছে নিয়েছিলেন, যেগুলি বড় প্রকল্প হলেও অভিনেত্রী হিসেবে তাঁকে বিশেষ কিছু দেয়নি।

Advertisement

কৃতির জীবনে এমনও একটা সময় ছিল যখন কিছুই ঠিক ভাবে হচ্ছিল না। তবে এখন পিছনের তাকিয়ে তিনি মনে করেন, ওই ব্যর্থতার সময়টাই তাঁকে বুঝিয়েছিল, কোন ধরনের কাজ তিনি করতে চান না। কৃতির কথায়, “ব্যর্থতা মানুষকে সাফল্যের চেয়ে অনেক বেশি শিক্ষা দেয়। শুধু এটুকু মনে রাখতে হয়, সাফল্য যেন মাথায় চেপে না বসে এবং ব্যর্থতা যেন মন ভার করে না দেয়।”

‘মিমি’ ছবির মাধ্যমে কৃতির অভিনয়জীবনে বড় মোড় আসে। এই ছবির জন্য তিনি জাতীয় পুরস্কারও পান। বর্তমানে তিনি ‘ককটেল ২’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন শাহিদ কপূর এবং রশ্মিকা মন্দানা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement