কেন বিচ্ছেদের ভুয়ো খবর ছড়িয়েছিলেন আরবাজ়-মলাইকা? ছবি: সংগৃহীত।
২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয়েছিল মলাইকা অরোরা ও আরবাজ় খানের। তার আগে তাঁরা বলিউডের ‘পাওয়ার কাপল’ বলেই পরিচিত ছিলেন। কিন্তু বিবাহবিচ্ছেদের প্রায় ১০ বছর আগে আরও এক বার তাঁদের বিচ্ছেদের খবর ছড়িয়েছিল বি-টাউনে। নিজেদের বিচ্ছেদের মিথ্যে খবর নাকি তাঁরা নিজেরাই ছড়িয়েছিলেন। কিন্তু, কেন?
১৯৯৮ সালে বিয়ে করেছিলেন মলাইকা ও আরবাজ়। ২০০২ সালে জন্ম হয় তাঁদের পুত্র আরহানের। ২০০৮ সালে তাঁদের বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে বলিপাড়ায়। একটি প্রসাধনীর বিজ্ঞাপনী প্রচারের জন্য নাকি তাঁরা কৌশল করে বিচ্ছেদের খবর ছড়িয়ে দিয়েছিলেন। সেই পণ্যের জনসংযোগকারী দলের তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে ঘোষণা করা হয়েছিল, মলাইকা ও আরবাজ় বিচ্ছেদের পথে হাঁটছেন। পরিকল্পনা ছিল, যে দিন পণ্যটির উদ্বোধন হবে, সেই দিন সেই উদ্ধোধনী অনুষ্ঠানে আবার একসঙ্গে এক ফ্রেমে ধরা দেবেন মলাইকা ও আরবাজ়। কিন্তু বিষয়টি কুৎসিত রূপ ধারণ করেছিল।
সম্পর্ক নিয়ে এমন মিথ্যা বার্তা দেওয়ার জন্য কটাক্ষের শিকার হয়েছিলেন মলাইকা ও আরবাজ়। ‘খ্যাতি পিপাসু’ বলেও তাঁদের বিরুদ্ধে তোপ দাগা হয়েছিল। শেষে নিজেরাই অস্বস্তিতে পড়েছিলেন মলাইকা ও আরবাজ়। এমন প্রচার কৌশলের জন্য আনুষ্ঠানিক ভাবে ক্ষমাও চেয়েছিলেন আরবাজ়। ওই নেতিবাচক ঘটনার পরে ফের ভাবমূর্তি ঠিক করতে বেশ বেগ পেতে হয়েছিল মলাইকা ও আরবাজ়কে। অবশেষে সব ঠিকঠাক হওয়ার পরে, বাস্তবেই তাঁদের সম্পর্কে চিড় ধরতে শুরু করে। ২০১৬ সালে তাঁরা বিচ্ছেদের কথা ঘোষণা করেন। আইন মেনে তাঁদের বিচ্ছেদ হয় ২০১৭ সালে। বিয়ের ১৮ বছর পরে তাঁদের বিচ্ছেদে অবাক হয়েছিলেন অনুরাগীরা।
আরবাজ়ের সঙ্গে বিচ্ছেদের পরে অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মলাইকা। সেই সম্পর্কও ভেঙে যায় ২০২৪ সালে। অন্য দিকে প্রসাধনীশিল্পী সুরা খানকে বিয়ে করেছেন আরবাজ়। ২০২৫ সালে তিনি আবার এক সন্তানের বাবা হয়েছেন।