নায়ককে দেখেই মুখ ঘুরিয়ে নিলেন নায়িকা? ছবি: সংগৃহীত।
প্রেম, প্রত্যাখ্যান, রাগ-অনুরাগ— ঋতুবদলের মতো টলিপাড়ায় এই ভাবে নায়ক-নায়িকার সমীকরণ বদলায়। বছরকয়েক আগের ঘটনা। ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে নায়কের প্রেমে পড়ে অনেক কাণ্ডই ঘটিয়েছিলেন নায়িকা। যদিও নায়কের সঙ্গে ঘরবাঁধার স্বপ্ন পূরণ হয়নি নায়িকার। অভিনেতা বিয়ে করে ফেলেছেন অন্য অভিনেত্রীকে। ধারাবাহিক শেষে সেই নায়ক-নায়িকাকে আর একসঙ্গে দেখা যায়নি।
‘ইন্ডাস্ট্রি’র বিশেষ পার্টিতে দেখা মিলল তাঁদের। না, যদিও একসঙ্গে আসেননি বা পার্টিতে চোখাচোখি হতে সৌজন্য বিনিময়ও চোখে পড়েনি কারও। কার্যত, একে অপরকে তাঁরা এড়িয়েই চলছিলেন। নায়িকা যে দিকে নায়ক একেবারে তার বিপরীতে। সাধারণত, একসঙ্গে কাজের সূত্রে অভিনেতাদের মধ্যে সখ্য দেখা যায়। সহকর্মী হিসাবেও অন্তত কথা বলতে দেখা যায় অনেককে। কিন্তু এত দিন আগের ঘটনা যে দু’জনের কেউ ভোলেননি, তা বোঝা গেল।
শোনা যায়, একসঙ্গে ধারাবাহিকে অভিনয়ের সময় নায়িকা নাকি নায়কের কাছে প্রকাশ করেছিলেন মনের কথা। কিন্তু, সবটাই নাকি ছিল একতরফা। পরে অভিনেতা বিয়ে করেন ছোটপর্দারই আর এক অভিনেত্রীকে। অনেক দিন হয়ে গেল সংসার পেতেছেন তাঁরা। তাই আলোচিত নায়কের বিয়েতে ধারাবাহিকের সবাই উপস্থিত হলেও দেখা যায়নি একমাত্র নায়িকাকে। যদিও প্রকাশ্যে দু’জনের কেউই এই বিষয়ে কথা বলেননি। কিন্তু ব্যর্থ প্রেমের অভিমান যে এখনও রয়েছে, তাঁদের দূরত্বই দিল সেই আভাস।