Film release

সংশোধনাগারের অধিকাংশ বন্দিই রায়ের অপেক্ষায়! যশের ‘টক্সিক’ থেকে ‘বান্দর’! আর কী কী ছবি এ সপ্তাহে?

চলচ্চিত্রপ্রেমীদের জন্য এই সপ্তাহ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ, বেশ কয়েকটি বহু প্রতীক্ষিত ছবি এই সপ্তাহে মুক্তি পাচ্ছে।

Advertisement
শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১০:১৭
Share:

এই সপ্তাহে কী কী ছবি প্রেক্ষাগৃহে? ছবি: সংগৃহীত।

জুন মাসের প্রথম শুক্রবার। চলচ্চিত্রপ্রেমীদের জন্য এই সপ্তাহ হতে চলেছে তাৎপর্যপূর্ণ। কারণ, বেশ কয়েকটি বহু প্রতীক্ষিত ছবি এই সপ্তাহে মুক্তি পাচ্ছে।

Advertisement

১) টক্সিক: যশ অভিনীত এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সঙ্গেই। কিন্তু নির্মাতারা ছবি পিছিয়ে আনার সিদ্ধান্ত নেন। ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক শুরু হয়েছিল। ‘নারীবিদ্বেষী’ তকমাও পেয়েছিল। তবে ছবির পরিচালকই এক জন মহিলা— গীতু মোহনদাস। ছবিতে নাকি নারীর দৃষ্টিভঙ্গি থেকে প্রেম, যৌনতা দেখানো হবে। যশ বলেছিলেন, “গীতুর চিন্তাভাবনা খুব পরিষ্কার। উনি অসাধারণ লেখিকাও। আমি অনেক কিছু শিখেছি ওঁর থেকে। আকাঙ্ক্ষা, আবেগ, প্রেম বা সংবেদনশীলতা— এগুলি এক জন নারী একেবারে ভিন্ন ভাবে দেখাতে পারেন। ওঁর এই কাজের মধ্যেই আমি সেটা বুঝেছি।” ছবিটি ৪ জুন মুক্তি পেয়েছে।

২) পিদ্দী: পরিচালক বুচি বাবু সানা পরিচালিত ৩০০ কোটি টাকার ছবি এটি। অভিনয় করেছেন দক্ষিণী তারকা রাম চরণ। ছবির মূল চরিত্র কাল্পনিক নয়। পরিচালকের নিজের গ্রামের এক স্থানীয় ক্রিকেটার পিদ্দী রাজুর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে এই গল্প তৈরি। রাম চরণ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই ছবির বিষয় প্রথমে কী ভাবে জানলেন। পরিচালক তাঁর বাড়িতে এসে মেঝেতে কার্পেটের উপর বাবু হয়ে বসেছিলেন। টানা ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে ছবির চিত্রনাট্য শুনিয়েছিলেন। ক্রিকেট, কুস্তি ও দৌড়— এই তিন বিষয়ই রয়েছে ছবিতে। চিত্রনাট্য শুনেই অভিনেতা বুঝেছিলেন, বেগ পেতে হবে। কিন্তু তিনি রাজি হয়ে যান। চার মাস ধরে প্রশিক্ষণ নিয়েছিলেন রাম চরণ। চোটও পেয়েছিলেন। ছবিতে রয়েছেন জাহ্নবী কপূরও। ৫ জুন থেকে প্রেক্ষাগৃহে চলবে এই ছবি।

Advertisement

৩) হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়: বরুণ ধবন, মৃণাল ঠাকুর ও পূজা হেগড়ে অভিনীত এই রোম্যান্টিক কমেডির ঝলক ও গান ইতিমধ্যেই সাড়া ফেলেছে। বেশ কিছু পুরনো গানকে নতুন মোড়কে তুলে ধরা হয়েছে এই ছবিতে। শুটিংয়ের নেপথ্যেও নাকি রয়েছে বেশ কিছু মজার ঘটনা। একদিন নাকি মৃণালের মাথার উপর একটি আস্ত ডিম ফাটিয়ে দেন বরুণ। হাসির রোল উঠেছিল শুটিং সেটে। পর্দায় হাসির দৃশ্যের পাশাপশি শুটিং সেটেও মজায় সময় কাটিয়েছিলেন সকলে। ছবির একটি বড় অংশের শুটিং হয়েছে স্কটল্যান্ডের কনকনে ঠান্ডায়। সেখানেও নাকি শুটিং জমে উঠেছিল।

৪) বান্দর: অনুরাগ কাশ্যপ পরিচালিত ক্রাইম থ্রিলার ‘বান্দর’ আন্তর্জাতিক ভাবে ‘মাঙ্কি ইন আ কেজ’ নামে পরিচিত। ভারতীয় বিচারব্যবস্থার কঠোর বাস্তবতাকে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে। বর্তমানে ভারতের সংশোধনাগারগুলিতে থাকা আবাসিকের অধিকাংশই নাকি বিচারাধীন, যাঁরা চূড়ান্ত রায়ের অপেক্ষায় দিন গুনছেন। সেই বিষয়টি তুলে ধরা হয়েছে ছবিতে। অভিনয় করেছেন ববি দেওল। চেনা ছকের বাইরে গিয়ে অভিনয় করেছেন তিনি। ক্যামেরার সামনে নিজেকে ক্লান্ত দেখাতে তিনি নিজের হাঁটার ধরন ও গলার আওয়াজও নাকি বদলে ফেলেছিলেন।

৫) হি-ম্যান অ্যান্ড দ্য মাস্টার্স অফ দ্য ইউনিভার্স: চলচ্চিত্রপ্রেমীদের কাছে এই ছবি খুবই বিশেষ। এই ছবি পর্দায় আনা মোটেও সহজ ছিল না। ছবির চিত্রনাট্য এবং স্বত্ব প্রায় ১৭ বছর ধরে একের পর এক স্টুডিয়োয় হাতবদল হয়েছে। ২০০৭ সালে ওয়ার্নার ব্রাদার্স দিয়ে শুরু করে বিভিন্ন সংস্থায় পৌঁছেছে। অবশেষে এটি ৫ জুন বড় পর্দায় মুক্তি পাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement