Swastika MUkherjee-Rachana Banerjee

‘কোনও আড়ষ্টতা ছিল না’, ছোটপর্দার নতুন ‘দিদি’কে দেখে কেমন লাগল তনিমাদের? কী টিপ্‌স দিলেন জুন?

নতুন সিজ়নে খেলার ধাঁচ বদলেছে। সঞ্চালিকা বদলের সঙ্গে সঙ্গে নতুন সিজ়নের প্রতিটা জিনিসই নতুন করে সাজানো হয়েছে। প্রথম পর্বে স্বস্তিকাকে দেখে কেমন লাগল টলিপাড়ার শিল্পীদের?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৭:৩২
Share:

সঞ্চালিকা স্বস্তিকা মুখোপাধ্যায় প্রসঙ্গে কী বলছে টলিপাড়া? ছবি: সংগৃহীত।

খোঁপায় জুঁইফুলের মালা। গোলাপি সাজে সেজে নতুন ‘দিদি’ হয়ে ছোটপর্দায় এলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সোমবার সম্প্রচারিত হয়েছে স্বস্তিকা সঞ্চালিত ‘দিদি নং ১’-এর নতুন সিজ়নের প্রথম পর্ব। দীর্ঘ দিন ধরে রচনা বন্দ্যোপাধ্যায়কে এই অনুষ্ঠানের সঞ্চালিকা হিসাবে দেখেই অভ্যস্ত দর্শক। এ বার সঞ্চালিকা হিসাবে নতুন দিদিকে দেখে কেমন লাগল টলিপাড়ার শিল্পীদের?

Advertisement

নতুন সিজ়নে খেলার ধাঁচ বদলেছে। সঞ্চালিকা বদলের সঙ্গে সঙ্গে নতুন সিজ়নের প্রতিটা জিনিসই নতুন করে সাজানো হয়েছে। নতুন ভূমিকায় স্বস্তিকাকে দেখে তাঁকে শুভেচ্ছা জানাতে ভুললেন না জুন মালিয়া। তিনি বলেন, “স্বস্তিকাকে অনেক শুভেচ্ছা। ও তো খুব হাসিখুশি মানুষ। সেই ছবিটাই সঞ্চালনাতেও দেখলাম। খুবই ভাল লেগেছে। স্বস্তিকার সাজটাও আমার খুব ভাল লেগেছে।” মাঝে একটি সিজ়নের সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন জুন। সেই প্রসঙ্গেও তিনি বলেন, “আমরা না চাইলেও, দর্শক তুলনা টানবেই। আমার সঞ্চালনার সময়েও তুলনা হয়েছিল। তবে তখন টিআরপি ভাল ছিল। আমার মনে আছে অভিজিৎ (সেন, পরিচালক) এসে বলেছিল, ‘তুমি ভাল নম্বর নিয়ে পাশ করেছ’। প্রত্যেক সঞ্চালক নিজের স্বাদ আনেন। স্বস্তিকাও সে ভাবেই সাজিয়ে নেবে আশা করছি।”

একটি সিজ়নের সঞ্চালিকা ছিলেন জুন মালিয়া। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী তনিমা সেন অবশ্য সঞ্চালক হিসাবে স্বস্তিকাকেই কিছুটা এগিয়ে রেখেছেন। তিনি বলেন, “অন্তর থেকে বলছি, স্বস্তিকাকে আমার খুব ভাল লেগেছে নতুন দিদি হিসাবে। জাঁকজমক উপস্থিতি বেশ। ওকে মিষ্টি দেখতে লাগছে। খুব স্বচ্ছন্দ লেগেছে। নিশ্চয়ই অনেকের মনে দ্বিধা ছিল যে, রচনার পরে কেমন লাগবে স্বস্তিকাকে? তবে আমার কিন্তু ওকে একটুও আড়ষ্ট মনে হয়নি।”

Advertisement

প্রায় ১৫ বছর ধরে ‘দিদি নম্বর ১’-এর স়ঞ্চালিকা হিসাবে দেখা গিয়েছে রচনাকে। তাঁর সঞ্চালনায় একাধিক বার অনুষ্ঠানে গিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর স্বস্তিকাকে কেমন লাগল? অভিনেত্রী বললেন, “স্বস্তিকাদি তো আমার লেডি-ক্রাশ। আমার ভীষণ পছন্দের অভিনেত্রী। আমি দেখলাম, স্বস্তিকাদির থেকে তো চোখ সরানো যাচ্ছে না। আমি পাঁচ বার গিয়েছি এই অনুষ্ঠানে। জানি, তুলনা আসবে। রচনাদি যেমন যে কোনও ধরনের মানুষের সঙ্গে সহজে মিশে যেতে পারতেন, আমার বিশ্বাস স্বস্তিকাদিও পারবেন। কারণ, স্বস্তিকাদি খুবই সংবেদনশীল, প্রতিবাদী, স্পষ্টবক্তা। দু’জনেই নিজেদের ক্ষেত্রে সেরা।”

ওই অনুষ্ঠানে খেলতে গিয়েছেন পায়েল সরকারও। নতুন ‘দিদি নং ১’ দেখেছেন তিনিও। অভিনেত্রী বললেন, “ভীষণই জাঁকজমকপূর্ণ ছিল প্রথম পর্ব। রচনাদির সঙ্গে কখনও তুলনা টানাই উচিত নয়। যে কোনও সঞ্চালকের নিজস্ব ভাবনা থাকে। প্রত্যেকের ভাবনা, কথা বলার ধরন, মানুষের সঙ্গে মিশে যাওয়ার কায়দা আলাদা হয়। আমার রচনাদিকেও যেমন ভাল লাগত, স্বস্তিকাদিকেও প্রথম পর্বে দেখে দারুণ লাগল।”

নতুন ‘দিদি’ হিসাবে স্বস্তিকাকে কেমন লাগল শ্রাবন্তীর? ছবি: সংগৃহীত।

ছোটপর্দার অভিনেত্রী ঊষসী রায় জানালেন, তিনিও স্বস্তিকাকে দেখে খুবই উত্তেজিত। আগে অনেক বার এই অনুষ্ঠানে গিয়েছেন তিনি। সেই সময়ে রচনা-সঞ্চালিত অনুষ্ঠানে খেলতে গিয়ে মজাও করেছেন। আগামী দিনেও একই ভাবে আনন্দ করতে পারবেন। স্বস্তিকা সঞ্চালিত ‘দিদি নম্বর ১’-এর প্রথম পর্বও তিনি খুবই উপভোগ করেছেন।

ঘোষণার দিন থেকেই রচনা বনাম স্বস্তিকা— এই তুলনা চলছে। সেই তুলনার প্রসঙ্গ না টেনেই বেশ কিছু টিপ্‌স ভাগ করে নিয়েছেন জুন। তিনি বললেন, “যাঁরা খেলতে আসেন তাঁদের সঙ্গে কথোপকথনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিযোগীদের নিজের করে নিতে হয়। একটানা শুটিং করতে গিয়ে মাঝেমাঝে ক্লান্তি আসে। এক দিনে অনেকগুলো পর্বের শুটিং হচ্ছে, সেটা তো দর্শক দেখতে পায় না। তাই এনার্জি ধরে রাখাটা জরুরি। স্বস্তিকা পারবে, আমি জানি। কারণ, ও আগেও রিয়্যালিটি শো-এ যোগ দিয়েছে।”

পায়েলের মতে কারও সঙ্গে কারও তুলনা না টানাই ভাল। ছবি: সংগৃহীত।

এক দিকে সমাজমাধ্যমে আলোচনা, রচনা নাকি স্বস্তিকা। অন্য দিকে নতুন দিদির মঞ্চে প্রথম দিনে তৈরি হয়েছিল অন্যরকম পরিবেশ। অগ্রজকে ধন্যবাদ জানিয়েই নিজের নতুন সফর শুরু করেন স্বস্তিকা। সকলের সঙ্গে খেলা, গল্প, আড্ডায় মজেন নায়িকা। মাঝে বাবার প্রসঙ্গ উঠতে কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement