প্রেক্ষাগৃহে কী কাণ্ড ঘটল? ছবি: সংগৃহীত।
জীবনের প্রথম সবকিছুর আনন্দই আলাদা। কিন্তু এমন এক কাণ্ড ঘটল যে, সেই আনন্দই যেন নিরানন্দ হয়ে গেল টলিপাড়ার নায়িকার কাছে। ছবিমুক্তির আগে কোমর বেঁধে প্রচার করেছেন নায়কের সঙ্গে। তার পরে আবার অনেকে ভেবে নিয়েছিলেন, পর্দার নায়ক-নায়িকাই বুঝি বাস্তবে সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু তাঁদের ছবির প্রদর্শনীতে কী কাণ্ড ঘটল?
শোনা যাচ্ছে, ছবির প্রদর্শনীতে প্রেমিকাকে নিয়ে এসেছিলেন নায়ক। খুব আশা করেই এনেছিলেন ছবি দেখাবেন বলে। সঙ্গে ছিলেন পরিবারের সবাই। এ দিকে সব আশায় জল ঢালল পরিস্থিতি। অন্দরের ফিসফাস, প্রেমিকাকে ছবি দেখাতে এনে বিড়ম্বনায় পড়লেন নায়ক। ছবি আর দেখাই হল না তাঁদের। কারণ, বসারই নাকি জায়গা ছিল না প্রেক্ষাগৃহে।
রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতি। সঙ্গে আবার ছিলেন নায়কের পরিবারের অনেকেই। শেষে বসার জায়গা না পেয়ে বান্ধবীকে নিয়ে সটান বেরিয়ে যান নায়ক। এ দিকে ছবির নায়িকারও দো-টানা অবস্থা। তিনি কী করবেন বুঝতে পারছেন না। শেষে তিনিও নায়ক ও তাঁর বান্ধবীর সঙ্গে নীচে নেমে যান। বেশ অনেকক্ষণ ধরে চলে জোর আলোচনা। শেষে আর কোনও উপায় না দেখে, নায়কের বিশেষ বান্ধবী ছবি না দেখেই ঘটনাস্থল ছাড়েন। এ নিয়ে নিজেদের মধ্যে অল্পবিস্তর আলোচনা হলেও, বিষয়টা প্রকাশ্যে আনেননি তাঁরা কেউই।