শিবরাত্রির আবহে দেখবেন কোন ছবিগুলি? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
রবিবার থেকে শিবরাত্রির তিথি শুরু। চলবে সোমবার পর্যন্ত। অর্থাৎ রবিবার রাত জেগে মহাদেবের আরাধনায় মাতবেন ভক্তেরা। তবে পুজোআচ্ছার মাঝে সামান্য বিনোদন থাকবে না, তা কি হয়? রাত জাগতে গিয়ে যাতে দু’চোখের পাতা কোনও ভাবে এক না হয়ে যায়, সে জন্যই ওটিটি-তে ঢুঁ মারা যায়। স্বয়ং মহাদেবকে নিয়েই রয়েছে একাধিক ছবি, যেগুলি শিবরাত্রিতে মন দিয়ে দেখতে পারেন ভক্তেরা। কী কী সেই ছবি?
১) কেদারনাথ: শিবভূমি কেদারনাথকে প্রেক্ষাপটে রেখে তৈরি হয়েছিল এক প্রেমের গল্প। ভিন্ধর্মী মনসুর তীর্থযাত্রীদের পিঠে চাপিয়ে নিয়ে যান পাহাড়ের বিভিন্ন স্থানে। তার প্রেমে পড়ে যায় হিন্দু ব্রাহ্মণ মেয়ে মন্দাকিনী। ছবি ঘিরে রয়েছে শিবের আরাধনার বিভিন্ন দৃশ্য। ছবির গান ‘নমো নমো জি শঙ্করা’ বিপুল সাড়া ফেলেছিল। সুশান্ত সিংহ রাজপুত ও সারা আলি খানের এই ছবি দেখে শিবরাত্রি কাটাতেই পারেন। জ়ি ফাইভে দেখা যাবে কেদারনাথ।
২) ব্রহ্মাস্ত্র: আধুনিক ধাঁচে তৈরি পৌরাণিক ছবি এটি। নায়ক ‘শিবা’ তার অতিপ্রাকৃত শক্তি ও মহাজাগতিক সংযোগ আবিষ্কার করে। এই ছবির গান ‘দেবা দেবা’-ও শিবরাত্রির অনুষ্ঠানে বাজতে পারে। মহাদেবের পুজোর আবহে মন হালকা রাখতে দেখা যেতেই পারে রণবীর কপূর ও আলিয়া ভট্টের এই ছবি। জিয়ো হটস্টারে রয়েছে এই ছবি।
৩) ও মাই গড ২: শিবরাত্রি উপলক্ষে বন্ধুরা মিলে হাসতে হাসতে সময় কাটাতে পারেন এই ছবি দেখে। কমেডি ছবি হলেও ব্যঙ্গের ভঙ্গিতে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ বার্তা। অক্ষয় কুমার এই ছবিতে এক দেবদূতের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি নেটফ্লিক্সে রয়েছে।
৪) ভোলা: থ্রিলার ঘরানার ছবি। মূল চরিত্র ভোলা আসলে শিবের ভক্ত। শিবের দর্শন মেনেই সে চলে। এক দিকে সে যেমন ‘ভোলা’। অন্য দিকে প্রয়োজনে রুদ্রমূর্তিও ধারণ করতে সে পিছপা হয় না। নিজের কাছে ত্রিশূলের মতো একটি অস্ত্রও সে রাখে। ছবিতে বারাণসীর দৃশ্য রয়েছে। মহাআরতির দৃশ্যও রয়েছে। মূল চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। অ্যামাজ়ন প্রাইমে দেখা যাচ্ছে এই ছবি।
৫) শিবায়: সরাসরি কোনও পৌরাণিক ছবি নয় এটি। তবে মহাদেবের অনুগামী শিবায় নামে চরিত্রটি। পেশায় চরিত্রটি হিমালয়ের পর্বতারোহী। তবে তার মধ্যে শিবের বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। কখনও সে রক্ষাকারী, কখনও আবার ধ্বংসাত্মক। তাই এই ছবিও অনায়াসেই দেখতে পারেন শিবরাত্রিতে। আমাজ়ন প্রাইমে রয়েছে অজয় দেবগনের এই ছবিটি।