(বাঁদিকে) শুভেন্দু অধিকারী, (ডানদিকে) স্মৃতি ইরানী। ছবি: সংগৃহীত।
৯ মে কলকাতার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির শীর্ষনেতৃত্ব। মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির একদা সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী অভিনেত্রী স্মৃতি ইরানী। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে ‘ কিউঁকি সাস ভী কভী বহূ থী’ ধারাবাহিকের দ্বিতীয় ভাগে। ব্যস্ততার মাঝে পশ্চিমবঙ্গে এসেছিলেন তিনি। কিন্তু, প্রধানমন্ত্রী নাকি বিশেষ ‘পাত্তা’ দেননি তাঁকে!
৯ মে মঞ্চে প্রধানমন্ত্রী উঠতেই বাকি সকলের সঙ্গেই সম্মান প্রদর্শনের জন্য করজোড়ে দাঁড়ান স্মৃতি। পাশে দাঁড়িয়েছিলেন অন্য নেতারা। তাঁর পিছনে ছিলেন মিঠুন চক্রবর্তী। প্রধানমন্ত্রীকে দেখে উঠে দাঁড়াতেই নাকি স্মৃতির চোখে হালকা জলও দেখা যায়। যদিও প্রধানমন্ত্রী নাকি স্মৃতিকে অভিবাদন না জানিয়েই এগিয়ে যান। বরং স্মৃতির পিছনে দাঁড়িয়ে থাকা মিঠুনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বলে খবর। সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। ভিডিয়ো ছড়াতেই স্মৃতিকে নিয়ে হাসির রোল নেটপাড়ায়। কেউ কটাক্ষ করেছেন স্মৃতিকে। কেউ আবার স্মৃতির চোখের জল নিয়েও সমালোচনা করেছেন। কেউ আবার নরেন্দ্র মোদীর ‘বিচক্ষণতা’কে কুর্নিশ জানিয়েছেন। নেটদুনিয়ায় কেউ কেউ বলছেন, ‘‘অতিরিক্ত অভিনয় করলে প্রধানমন্ত্রী এমনই ব্যবহার করবেন।’’