ফের বিতর্কিত মন্তব্য রাজপালের ছবি: সংগৃহীত।
৯ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে তিহাড় জেলে আত্মসমর্পণ করেছিলেন রাজপাল যাদব। আদালতের নির্দেশে তাঁকে জেল হেফাজতে থাকতে হয়েছে কয়েক দিন। অবশেষে তিহাড় জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। তার পর থেকে একাধিক সাক্ষাৎকারে তিনি নানা মন্তব্য করেছেন। আবার নতুন করে বিতর্কেও জড়িয়েছেন। এ বার তিনি দাবি করলেন, তাঁকে নিয়ে ভুল খবর ছড়ানো হয়েছে। তিনি মোটেই আদালতে বিচারকের সামনে কান্নায় ভেঙে পড়েননি।
সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে রাজপাল বলেছেন, “সমাজমাধ্যমের মনগড়া কাহিনি বিশ্বাস করবেন না।” এক দিকে, তাঁর শুভাকাঙ্ক্ষীরা তাঁকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু কেউ কেউ কিছু না জেনেই তাঁকে নিয়ে ভুল খবর ছড়িয়েছেন বলে দাবি তাঁর। রাজপালের স্পষ্ট বক্তব্য, “আমি মোটেই হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়িনি।” কৌতুকাভিনেতা আরও বলেন, “রাজপালের মুখ দেখে যেন লোকের হাসি পায়। এর থেকে বেশি কিছু প্রত্যাশা করবেন না।”
চলচ্চিত্রজগৎ থেকে অনেকেই সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু তাঁদের অনেকের নাম প্রকাশ্যে আসেনি। সম্প্রতি আর এক সাক্ষাৎকারে সোনু সুদের প্রসঙ্গ উঠতেই রেগে যান রাজপাল। সোনু জানিয়েছিলেন, তাঁর আসন্ন ছবিতে খলচরিত্রে রাজপালকে নেবেন। বিষয়টি ভাল ভাবে নেননি অভিনেতা। তাই তিনি বলেন, “আমাকে কাজের জন্য মানুষের কাছে হাত পাততে হবে, এই ভুল ধারণা এ বার বাদ দিন। কাজ চাওয়ার মধ্যে লজ্জার কিছু নেই, আমি জানি। কিন্তু আমার কাছে কাজ আছে। কাজেই আমি বাঁচি। অভিনয়টাই আমার কাছে সব। আমি এমন ভাবে কাজ করি যে, অন্যদের চার গুণ কাজ পাই।”
উল্লেখ্য, টানা ১২ দিন তিহাড় জেলে থেকেছেন রাজপাল। ভাইঝির বিয়েতে থাকার জন্য জামিনের আবেদন করেছিলেন তিনি। জেল থেকে বেরিয়েই, সংশোধনাগারের খারাপ দিক নিয়েও কথা বলেছিলেন তিনি।