রোহিত শেট্টী। ছবি: সংগৃহীত।
বলিউডের তারকাদের উপর একের পর এক হামলার দায় স্বীকার করেছেন লরেন্স বিশ্নোই। এর মধ্যেই নয়া তথ্য প্রকাশ্যে। তদন্তকারী অফিসারেরা জানতে পেরেছেন, রোহিতের বাড়িতে হামলা চালানোর পিছনে রয়েছে বিদেশি যোগ।
৩১ জানুয়ারির ঘটনা। অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি পরিচালকের জুহু অঞ্চলের বাড়ির বাইরে চার রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়। পরিচালকের নিরাপত্তার স্বার্থে তাঁর আবাসনের চারপাশে পুলিশি পাহারা কড়া করা হয়। রোহিতের বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় কেউ আহত হননি। তবে পুলিশ খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের করেছে এবং ঘটনাস্থল থেকে বুলেট ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছে।
এ দিকে জেলবন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের গ্যাং সমাজমাধ্যমে পোস্ট করে এই গুলিচালনার দায় স্বীকার করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর থেকে একাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গ্যাংস্টার হরি বক্সার ঘটনার দায় স্বীকার করে। তবে এই ঘটনায় জড়িয়ে আন্তর্জাতিক যোগসূত্রও। পুলিশি তদন্তে উঠে এসেছে, যে ব্যক্তি রোহিতের বাড়িতে গুলি চালিয়েছে সে একাধিক এটিএম থেকে টাকা তুলেছে ও তার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তার টাকাপয়সা লেনদেনের ধরন দেখে পুলিশের সন্দেহ, এই টাকা নেপাল মারফত এসেছে।