Sushant Singh Rajput

‘৬ মাস ধরে ও পরিশ্রম করে, তার পরেও বাদ দেওয়া হয়’, সুশান্তকে নিয়ে বিস্ফোরক শেখর কপূর

প্রযোজনা সংস্থার এই ঘোষণার পরে শেখর কপূর নিজেও দেশ ছেড়ে চলে যান। পরে ফিরে আসেন। এই ছবির জন্য সুশান্তের আগ্রহও প্রবল ছিল বলে তিনি জানান।

Advertisement
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৭:২২
Share:

সুশান্তকে নিয়ে বিস্ফোরক দাবি শেখর কপূরের! ছবি: সংগৃহীত।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে তাঁকে নিয়ে নানা খবর উঠে এসেছিল। এমনও জানা গিয়েছিল, বিভিন্ন প্রযোজনা সংস্থা থেকে নাকি তাঁকে বয়কট করা হয়েছিল। তাঁর পরিচালনায় প্রস্তাবিত ‘পানি’ ছবিটি নিয়েও হয়েছিল বিতর্ক, জানালেন শেখর কপূর।

Advertisement

২০১৪ সালে ‘পানি’ ছবির কথা ঘোষণা হয়েছিল। ছবিটি শেখর কপূরের পরিচালনা করার কথা ছিল। ২০৫০-এর ভারতে কল্পিত একটি বিষয়কে ধরে তৈরি হয়েছিল এই ছবির চিত্রনাট্য। ১২ বছর হয়ে গিয়েছে। তা-ও এই ছবির কথাবার্তা আর কেন এগোয়নি? ছবির কাজ মাঝপথে থেমে গিয়েছিল, এমন নয়। কাজ নাকি শুরুই হয়নি। শেখর কপূর সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “আমি ‘পানি’ ছবির কাজ শুরুই করতে পারিনি। এক দিন প্রযোজনা সংস্থা সিদ্ধান্ত নিল, ওরা সুশান্তকে এই ছবিতে নেবে না। অথচ, তত দিনে সুশান্ত ছবির চরিত্রের জন্য ছয় মাস ধরে মহড়া দিয়ে ফেলেছে।”

প্রযোজনা সংস্থার এই ঘোষণার পরে শেখর কপূর নিজেও দেশ ছেড়ে চলে যান। পরে ফিরে আসেন। তাঁর কথায়, “এক মাত্র ‘পানি’ ছবি করার জন্যই ফিরে আসি আমি। আমি কিন্তু ওই কাজ থেকে হাত থেকে হাত তুলে দিইনি।” যদিও আর ‘পানি’ ছবির কাজ এগোয়নি।

Advertisement

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার করা হয় সুশান্তের দেহ। শেখর সেই সময়ে ছিলেন উত্তরাখণ্ডে। অভিনেতার মৃত্যুর খবরে ভেঙে পড়েছিলেন তিনি। সুশান্তের মধ্যে নাকি প্রবল অভিনয়ের খিদে ছিল, জানান পরিচালক। তিনি বলেন, “সুশান্ত নিজেকে ‘পানি’ ছবির চরিত্রের সঙ্গেও জড়িয়ে ফেলেছিল। তবে আমি ওর মধ্যে কোনও পার্থক্য লক্ষ করিনি। অভিনয়ের প্রতি ওর নিষ্ঠা ছিল দেখার মতো। ওর মধ্যে কোনও অস্বাভাবিকতা আমি কখনওই দেখেনি। হয়তো ব্যক্তিগত স্তরে ওর সঙ্গে সে ভাবে মিশিনি বলেই আমি জানতাম না কিছুই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement